বাজেয়াপ্ত হচ্ছে নেইমারের সম্পত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেইমার
নেইমার

ক্যারিয়ার শেষে যদি আত্মজীবনী লেখেন, সেটিতে হয়তো ‘কর জটিলতার কথকতা’ নামে একটা বড় অধ্যায় রাখবেন নেইমার। কর ফাঁকি, মামলা, আদালত—শব্দগুলো যে ব্রাজিল অধিনায়কের নিত্যদিনের সঙ্গী হয়ে উঠছে। গতকালও ছিল। কর ফাঁকির মামলায় নেইমারের ব্যক্তিগত জেট, প্রমোদতরিসহ প্রায় ৫ কোটি ডলার মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করতে পরোয়ানা জারি করেছেন ব্রাজিলের আদালত।
শাস্তিটা অবশ্য অনেক দিন ধরেই মাথার ওপর ঝুলছিল। গত সেপ্টেম্বরে সাও পাওলোর ফেডারেল আদালত নেইমারের প্রায় ৪৮ মিলিয়ন ডলার পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করেছিলেন। অপরাধ? ২০১১ থেকে ২০১৩ সালের মধ্যে আয় কম দেখিয়ে কর ফাঁকি দিয়েছিলেন নেইমার। সেই রায়ের বিরুদ্ধে তখন আপিল করেছিলেন ব্রাজিল অধিনায়ক, তবে সেটি গত সপ্তাহে খারিজ হয়ে যায়। উল্টো সুদের হারের হিসাবে জরিমানার পরিমাণ আরও বেড়ে গেছে।
এরই সূত্র ধরে গতকাল ব্রাজিলের ফেডারেল আদালত এই পরোয়ানা জারি করেছেন। যাতে নেইমারের ব্যক্তিগত জেট, প্রমোদতরি জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে। সঙ্গে ব্রাজিলের গুরাউয়া, সান্তোস, প্রাইয়া গ্রান্দে, সাও ভিসেন্তে, সাও পাওলো ও ইতাপেমা অঞ্চলে বার্সা ফরোয়ার্ডের কিছু ব্যক্তিগত সম্পত্তিও জব্দ করতে নির্দেশ দিয়েছেন আদালত।
নেইমারের জন্য স্বস্তি—তাঁকে জেলে যেতে হচ্ছে না, শুধু জরিমানা শোধ করে দিলেই হবে। ইএসপিএন।