বাতিল হবে অ্যাওয়ে গোলের নিয়ম?
চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল। প্রতিপক্ষ পিএসজির মাঠে ১-০ গোলে জিতেছে বায়ার্ন মিউনিখ। দুই লেগ মিলিয়ে ম্যাচ সমতা ৩-৩ গোলে। তবু হাসি নেই জার্মান চ্যাম্পিয়ন ক্লাবটির খেলোয়াড়দের মুখে। থাকবেই–বা কীভাবে, অ্যাওয়ে গোলের হিসাবে যে বাদ পড়ে গেছে বায়ার্ন। প্রথম লেগ প্রতিপক্ষের নিজেদের মাঠে ২-৩ গোলে হারটাই কাল হয়েছে বাভারিয়ানদের জন্য। পিএসজির সঙ্গে সমানতালে লড়েও বিদায় নিতে হলো অ্যাওয়ে গোলের নিয়মে বাদ পড়ে যায় বায়ার্ন। অন্যদিকে প্রতিপক্ষের মাঠে বেশি গোল করায় সেমিফাইনালে উঠে যায় পিএসজি।
অনেকের চোখেই অ্যাওয়ে গোলের নিয়মটা বিতর্কিত। এই নিয়মটা বাদ দিয়ে অন্য কোনো সমাধান বের করা যায় কি না, সে বিষয়ে আলোচনাও চলছে অনেক বছর ধরে। এবার খোদ উয়েফাতেই উঠে গেছে অ্যাওয়ে গোলের নিয়ম বাতিলের দাবি। ব্রিটিশ দৈনিক দ্য টাইমস জানিয়েছে, অ্যাওয়ে গোলের নিয়ম বাতিল করে দিতে পারে উয়েফা। ইউরোপীয় ফুটবলের অভিভাবক সংস্থাটি যে অ্যাওয়ে গোল বাতিলের বিষয়ে আলোচনায় বসবে বলে জানিয়েছে।
আগামী শনিবার পোর্তোয় উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। সেই ফাইনালের আগে পোর্তোয় বৈঠকে বসছে উয়েফার ক্লাব প্রতিযোগিতা কমিটি। দ্য টাইমস জানাচ্ছে, সেই বৈঠকেই আলোচনা হবে অ্যাওয়ে গোলের নিয়ম বাতিল করা হবে কি না, তা নিয়ে।
উয়েফা প্রতিযোগিতায় অ্যাওয়ে গোলের নিয়ম চালু হয়েছে ১৯৬৫-৬৬ মৌসুমে। দুই লেগের ম্যাচের জন্যই প্রযোজ্য নিয়মটি। দুই লেগ মিলিয়ে ১৮০ মিনিট শেষে ম্যাচে সমতা থাকলেই সাহায্য নেওয়া হয় নিয়মটির। যারা প্রতিপক্ষের মাঠে বেশি গোল করে তারা উঠে যায় পরের রাউন্ডে। অ্যাওয়ে গোলেও সমতা থাকলে দ্বিতীয় লেগের ম্যাচটি গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও সমতা বজায় থাকলে আসে টাইব্রেকার।
প্রতিপক্ষের মাঠে প্রতিপক্ষের বৈরী সমর্থকদের সামনে খেলাটার গুরুত্ব দিতেই মূলত অ্যাওয়ে গোলের নিয়ম চালু হয়েছিল। কিন্তু করোনার সময়ে তা নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে। এ সময়ে অনেক ম্যাচই হয়েছে দর্শকশূন্য নিরপেক্ষ ভেন্যুতে। আবার দলগুলো ঘরের মাঠে শূন্য গ্যালারির সামনে খেলে হোম ভেন্যুর কোনো সুবিধাও নিতে পারছে না।