বাদ পড়লেন এনামুল
ঈদের ছুটি কাটিয়ে আবারও অনুশীলনে জাতীয় দলের ফুটবলাররা। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে ৯ অক্টোবর কিরগিজস্তান যাবে বাংলাদেশ। আগামী ১৩ অক্টোবর বিশকেকের ডোলেন ওমরজাকোভ স্টেডিয়ামে বাংলাদেশের ফিরতি ম্যাচ কিরগিজস্তানের সঙ্গে। ৮ অক্টোবর ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করবেন এই ইতালিয়ান কোচ। তার আগে কাল কোচ ফাবিও লোপেজ ৪১ সদস্যের প্রাথমিক দল থেকে ছেঁটে ফেলেছেন ১২ জনকে।
কাল বিকেএসপিতে অনুশীলনে আসেননি জামাল ভূঁইয়া ও জাহিদ হাসান এমিলি। ডেনমার্কপ্রবাসী জামাল ভূঁইয়া এখনো ডেনমার্কে ছুটি কাটাচ্ছেন, ঢাকায় ফিরে ২৯ সেপ্টেম্বর ক্যাম্পে যোগ দেওয়ার কথা তাঁর। এমিলির একটি অস্ত্রোপচার হয়েছে। তাঁর সেরে উঠতে সপ্তাহ খানেক সময় লাগবে।
প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন ডিফেন্ডার নাসির উদ্দিন চৌধুরী, মিডফিল্ডার হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস ও ফরোয়ার্ড এনামুল হক। ডেঙ্গু জ্বরে আক্রান্ত শেখ জামালের ডিফেন্ডার নাসির উদ্দিন সুস্থ হলেও এখনো পুরোপুরি ফিট নন। আর হ্যামস্ট্রিংয়ের চোট এবং জ্বরের কারণে এনামুলও খেলার মতো অবস্থায় নেই। গত কয়েক দিনের অনুশীলনের পারফরম্যান্স মূল্যায়ন করে কোচ বাদ দিয়েছেন কেষ্ট কুমার, মোহাম্মদ লিঙ্কন, তৌহিদুল আলম সবুজ, মাসুক মিয়া জনি, শাকিল আহমেদ, রাশেদুল আলম, ইমতিয়াজ সুলতান জিতু ও সোহেল মিয়াকে। বিনা অনুমতিতে দিনাজপুরে খ্যাপ খেলায় ফেডারেশনের রোষানলে পড়েছেন হেমন্ত। তাঁকে ২৯ সদস্যের দলেও রাখেনি বাফুফে।
লোপেজের অধীনে গত সপ্তাহে জাতীয় দল একটি মাত্র প্রস্তুতি ম্যাচ খেলেছে অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে। কোচ চেয়েছিলেন শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে আরও কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলতে। এ জন্য উজবেকিস্তানের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ আয়োজনের চেষ্টা করছিল বাফুফে। কিন্তু উজবেকিস্তান সাড়া দেয়নি। প্রস্তুতি ম্যাচের জন্য আক্ষেপই ঝরছে অধিনায়ক মামুনুল ইসলামের কণ্ঠে, ‘অন্তত ৩-৪টি প্রস্তুতি ম্যাচ খেলতে পারলে আমাদের জন্য খুবই ভালো হতো।’
বাংলাদেশ দল
গোলরক্ষক: রাসেল মাহমুদ, শহীদুল আলম, মাজহারুল ইসলাম, আশরাফুল ইসলাম রানা।
ডিফেন্ডার: রায়হান হাসান, তপু বর্মণ, নাসিরুল ইসলাম, ইয়াসিন খান, আতিকুর রহমান মিশু, ইয়ামিন মুন্না, ওয়ালী ফয়সাল, ফয়সাল মাহমুদ, রেজাউল করিম।
মিডফিল্ডার: জামাল ভূঁইয়া, মামুনুল ইসলাম, মোহাম্মদ রুমান, সোহেল রানা, মোনায়েম রাজু, শাহেদুল আলম, ইমন মাহমুদ।
ফরোয়ার্ড: তকলিচ আহমেদ, ওয়াহেদ আহমেদ, জাহিদ হোসেন, জাহিদ হাসান এমিলি, আবদুল বাতেন মজুমদার কোমল, জুয়েল রানা, আমিনুর রহমান সজীব, শাখাওয়াত রনি ও নাবিব নেওয়াজ জীবন।