বাদ পড়লেন পাঁচ নতুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাজিকিস্তান ম্যাচের জন্য ৩৪ জনকে ডাকা হয়েছিল ক্যাম্পে। তারপর জাতীয় দলে নিষিদ্ধ চার ফুটবলারের দুজন মামুনুল ইসলাম ও সোহেল রানা ক্ষমা চেয়ে ডাক পেলেন। এই ৩৬ জন থেকে পায়ের গোড়ালির চোটের কারণে আগেই ক্যাম্প ছেড়ে গেছেন ডিফেন্ডার আতিকুর রহমান মিশু। গতকালই ক্যাম্পে এসেছিলেন শেখ জামালের হয়ে লিগে খেলতে আসা সুইডেনপ্রবাসী যোসেফ নূর। কিন্তু কোচ লোডভিক ডি ক্রুইফ তাঁকে ‘না’ করে দিয়েছেন।
আরও পাঁচজনকে কাল বাদ দেওয়া হলো ক্যাম্প থেকে। এঁরা আসলে সবাই নতুন—রহমতগঞ্জের দুই ফরোয়ার্ড নুরুল আফসার ও মান্নাফ রাব্বি, চট্টগ্রাম আবাহনীর মিডফিল্ডার কৌশিক বড়ুয়া, উত্তর বারিধারার মিডফিল্ডার খালেকুজ্জামান সবুজ এবং বিজেএমসির উইঙ্গার সৈকত মাহমুদ। এই খেলোয়াড়দের মধ্যে সম্ভাবনা আছে, তবে এখনই দলে জায়গা করে নিতে তাঁরা তৈরি নন বলে মনে করে টিম ম্যানেজমেন্ট। বাংলাদেশের ফুটবলে ঝলমলে প্রতিভা যে সেভাবে উঠে আসছে না, নতুন এই পাঁচজনের বাদ পড়া সেটিই অনুচ্চারে জানাল আরেকবার।
চূড়ান্ত দল গড়ার পথে বাদ পড়বেন আরও সাতজন। তাতেও নতুন কোনো মুখ উঠে আসবে সেই সম্ভাবনা কম। নতুনদের মধ্যে এখন ক্যাম্পে টিকে আছেন শুধু একজন রহমতগঞ্জের ফরোয়ার্ড সৈয়দ রাশেদ তূর্য। ২৯ মে তাজিকিস্তান রওনা হওয়া ২৩ সদস্যের দলে থাকা তাঁর জন্য বড় চ্যালেঞ্জই। ২০১৯ এশিয়ান কাপের বাছাইয়ে সুযোগ পেতে তাজিকদের সঙ্গে ২ জুন বাংলাদেশের প্রথম প্লে-অফ ম্যাচ যেমন আরও বড় চ্যালেঞ্জ।
এমন গুরুত্বপূর্ণ সফরের আগে স্বাভাবিকভাবেই প্রস্তুতি ভালো হওয়া দরকার। সেই শর্ত পূরণে ঘরোয়া খেলাও বন্ধ রাখা হয়েছে। কিন্তু ঘাটতিটা দেখা যাচ্ছে অন্য জায়গায়। এমন ম্যাচের আগে স্বাভাবিকভাবেই কোচ ডি ক্রুইফ চান শক্তিশালী দলের সঙ্গে ম্যাচ খেলতে। তাতে সাড়া দিয়ে ম্যাচ আয়োজনের চেষ্টা কাল শেষ মুহূর্তে শুরু করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত ফেডারেশনকে এদিন চিঠি লিখেছে বাফুফে। উদ্দেশ্য, আমিরাত জাতীয় দলের সঙ্গে দুশানবে যাওয়ার পথে প্রীতি ম্যাচ খেলা। তবে আমিরাত ‘না’ বললে এই অল্প সময়ের মধ্যে আর ম্যাচ আয়োজন সম্ভব নয়।
প্রশ্ন উঠছে, ম্যাচ খেলার প্রস্তুতিটা আরও আগে শুরু করল না কেন বাফুফে? উত্তরটাও জানা। নির্বাচন শেষে ফিফার কংগ্রেসে যোগ দিতে মেক্সিকো সফর নিয়ে ব্যস্ত ছিলেন শীর্ষ কর্তারা। তাই এ বিষয়ে কোনো উদ্যোগ ছিল না এত দিন।
তবু দল নিয়ে ঘুরেফিরে আশার কথাই বলছেন কোচ-কর্মকর্তারা। ফিটনেস নিয়ে সহকারী কোচ সাইফুল বারী টিটু যেমন বললেন, ‘খেলোয়াড়দের ফিটনেস ভালোই আছে। কারণ সবাই খেলার মধ্যেই ছিল।’ তবে খেলার বাইরে থাকা মামুনুলের ম্যাচ ফিটনেস ঘাটতি আছে। সেটিও ম্যাচের আগে ঠিক হয়ে যাবে বলে মনে করেন সাইফুল।