বাদ পড়ার আশঙ্কা রিয়ালের সামনে!

প্রথম লেগে প্রতিপক্ষ কাদিজের মাঠে গিয়ে জিতেছে তারা ৩-১ গোলে। দ্বিতীয় লেগ ঘরের মাঠ বার্নাব্যুতে। রিয়াল মাদ্রিদ কোপা দেল রের শেষ ষোলোতে উঠে যাবে, এমন মনে হওয়াই স্বাভাবিক। তবে রিয়াল সমর্থকদের জন্য দুঃসংবাদ, জিতেও এই প্রতিযোগিতা থেকে বাদ পড়ার শঙ্কায় আছে লা লিগার জায়ান্টরা! নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও যে উইঙ্গার ডেনিস চেরিশেভকে খেলিয়েছে তারা!
গত মৌসুমে ভিয়ারিয়ালে ধারে খেলেছিলেন চেরিশেভ। ‘ইয়েলো সাবমেরিন’দের হয়ে কোপা দেল রেতে যে ম্যাচগুলোয় খেলেছিলেন, তাতে ৩টি হলুদ কার্ড দেখেছেন এই রাশিয়ান। যার শেষটি ছিল গত মৌসুমের কোপা দেল রের সেমিফাইনালে বার্সেলোনার বিপক্ষে। ওই ম্যাচে হেরে কোপা দেল রে থেকে বাদ পড়েছিল ভিয়ারিয়াল, চেরিশেভেরও তাই আর খেলা হয়নি। স্প্যানিশ ফুটবলের নিয়ম অনুযায়ী, এই মৌসুমের প্রতিযোগিতাটির প্রথম ম্যাচে তাই চেরিশেভের নিষেধাজ্ঞা বহাল থাকার কথা। এ অবস্থায় তাঁকে খেলানোর কারণে প্রতিযোগিতা থেকে বাদ পড়ার শঙ্কায় রিয়াল।
চেরিশেভের নিষেধাজ্ঞার বিষয়টি রিয়াল কোচ বেনিতেজ জানতেন না। তাই কাল শুরুর একাদশেই এই উইঙ্গারকে রেখেছিলেন। যতক্ষণে জানতে পারলেন, ততক্ষণে ম্যাচের প্রথমার্ধ খেলে ফেলেছেন চেরিশেভ। ৩ মিনিটের সময় দলের প্রথম গোলটিও করেছেন। প্রথমার্ধেই কাদিজের র্যামন দে কারানজা স্টেডিয়ামে চাউর হয়ে যায় চেরিশেভের নিষেধাজ্ঞার কথা। কাদিজের সমর্থকেরাও এসময় ‘চেরিশেভ খেলতে পারবে না’ বলে চেঁচাতে থাকেন।
বিরতির সময় চেরিশেভের ‘অযোগ্যতা’র খবর জানার পর দ্বিতীয়ার্ধ শুরুতেই তাঁকে তুলে নিয়ে ভুলের ‘প্রায়শ্চিত্ত’ করতে চেয়েছিলেন বেনিতেজ। তবে স্প্যানিশ ফুটবল কর্তৃপক্ষ সেই ‘প্রায়শ্চিত্ত’ মেনে নেবে কিনা সন্দেহ আছে। এর আগে একই রকম অপরাধের কারণে গত সেপ্টেম্বরে এই মৌসুমের কোপা দেল রে থেকে ওসাসুনাকে বাদ দেওয়া হয়েছিল। (ওসাসুনার খেলোয়াড় উনাই গার্সিয়া গত মৌসুমে কোপা দেল রের শেষ ম্যাচে লাল কার্ড দেখায় মৌসুমের প্রথম ম্যাচে নিষিদ্ধ ছিলেন, তবু তাঁকে খেলিয়েছিল ওসাসুনা)।
ম্যাচ শেষে রিয়াল কোচ বেনিতেজ স্বীকার করে নিলেন, তাঁর জানা ছিল না চেরিশেভের নিষেধাজ্ঞার কথা ‘সত্যিই ক্লাব কিছু জানত না এই ব্যাপারে। ফেডারেশন কিছু বলেনি, ভিয়ারিয়ালও কিছু জানায়নি আমাদের। আমরা তাই ভেবেছিলাম ও খেলতে পারবে। তবে বিরতির সময় যখনই জানতে পারলাম, সঙ্গে সঙ্গেই ওকে মাঠ থেকে সরিয়ে নিলাম। এটা বোঝানোর জন্য যে, আমাদের উদ্দেশ্য সৎ ছিল।’
তবে, এসব ক্ষেত্রে টুর্নামেন্ট কমিটি সরাসরি কোনো ব্যবস্থা নেয় না—বেনিতেজের জন্য আশার জায়গা হতে পারত এই ব্যাপারটিই। টুর্নামেন্ট কমিটি কেবল তখনই ব্যবস্থা নেয়, যখন কোনো দল নির্দিষ্ট কোনো ব্যাপারে অভিযোগ উত্থাপন করে। কিন্তু কাল ম্যাচের পর কাদিজের বোর্ড পরিচালকেরা এক সভায় মিলিত হয়ে এ ব্যাপারে আনুষ্ঠানিক অভিযোগ জানানোরই সিদ্ধান্ত নিয়েছেন।
ক্লাবটির সভাপতি মানোলো ভিজকাইনো জানিয়ে দিয়েছেন, ‘এসব বিষয়ে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হয়। বোর্ড সিদ্ধান্ত নিয়েছে নিষিদ্ধ খেলোয়াড় চেরিশেভকে নিয়ে দল সাজানোর বিষয়ে অভিযোগ জানাবে। অভিযোগ জানাতে আমাদের কষ্টই হবে, যেহেতু রিয়াল আমাদের বন্ধু ক্লাব। তবে বোর্ডের ঐকমত্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এটি বহাল থাকবে।’
এমন হলে মাত্র এক ম্যাচ খেলেই এই মৌসুমের কোপা দেল রে শেষ হয়ে যাবে রিয়ালের। তথ্যসূত্র: ইএসপিএন, মার্কা।