বান্ধবীকে ধন্যবাদ জানাতে ভুলে নগ্ন ছবি পোস্ট, বিপাকে আর্জেন্টাইন তারকা
আর্জেন্টিনার অন্যতম প্রতিভাবান গোলকিপার মানা হয় তাঁকে। মেসিদের মূল গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ হলেও, হুয়ান মুসো–ও খুব পিছিয়ে নেই। মার্তিনেজ যখনই খেলতে পারেন না, ডাক পড়ে মুসোর। অনেকের মতে, মার্তিনেজের চেয়েও মুসো প্রতিভাবান। আর্জেন্টিনার দ্বিতীয় গোলকিপার হিসেবে তাঁর জায়গাটা তাই পাকাই বলা চলে।
এবার বিশ্বকাপ বাছাইপর্বের স্কোয়াডে ডাক পেয়েছিলেন ইতালিয়ান ক্লাব আতালান্তায় খেলা এই গোলকিপার। চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ দুটিতে যথারীতি মার্তিনেজ খেলেছেন, মুসোর জায়গা ছিল বেঞ্চে। জাতীয় দলের দায়িত্ব শেষে ইতালির বের্গামোয় নিজের বাসায় ফিরে দেখলেন, বান্ধবী আনা আরিয়াদো তাঁকে চমকে দেওয়ার জন্য এলাহি কারবার করে রেখেছেন।
শোবার ঘর সাজিয়েছেন লালরঙা একাধিক হিলিয়াম বেলুন আর উপহারসামগ্রী দিয়ে। বেলুনগুলোর গায়ে লেখা ছিল, ‘আমি তোমাকে ভালোবাসি’। বান্ধবীর কাণ্ডে মুসো বেশ ভালোই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন মনে হয়, না হলে বোকামিটা করে বসবেন কেন!
বান্ধবীর ভালোবাসার আখ্যান পৃথিবীকে জানাতে গোটা ঘরের ছবি তুললেন মুসো। সেটা পোস্ট করলেন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে, ‘স্টোরি’ হিসেবে। আবেগের বশে লক্ষ করলেন না, ছবি তোলার সময় তাঁর সামনে একটা আয়না ছিল, যে কারণে ছবিতে মুসো না থাকলেও আয়নার প্রতিফলনে যেকোনো দর্শকই বুঝবেন, ছবিটা মুসোই তুলেছেন।
আর ঝামেলাটা বেঁধেছে এখানেই। ছবিটা তোলার সময় মুসো যে নগ্ন ছিলেন! ফলে যা হওয়ার তাই হয়েছে, আয়নার ছবি ক্যামেরায় ধরা পড়েছে। মুসোর প্রায় তিন লাখ ইনস্টাগ্রাম অনুসারী দেখে ফেলেছেন আর্জেন্টাইন গোলকিপারের নগ্নরূপ!
যদিও নিজের ভুল বুঝতে পেরে পরে ছবিটি মুছে দেন মুসো। জামাকাপড় পরে একই ছবি আবারও তুলে পোস্ট করেন ইনস্টাগ্রামের স্টোরিতে, ক্যাপশন দেন, ‘এটা সঠিক ছবি!’
কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে মুসোর এই বোকামি নিয়ে শুরু হয়েছে তুমুল হাস্যরস!মুসোর বান্ধবী আনা আরিয়াদো মুসোর ছবিটাই নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আমার সৌভাগ্য, আমি তোমাকে এত ভালোবাসি!’
আর্জেন্টিনার হয়ে ২০১৯ সালে মরক্কোর বিপক্ষে এক প্রীতি ম্যাচে অভিষেক হয় ২৭ বছর বয়সী এই গোলকিপারের। রেসিং ক্লাব থেকে ইতালির ক্লাব উদিনেসেতে ২০১৮ সালে নাম লিখিয়েছিলেন মুসো। ২০২০ সালে স্প্যানিশ গোলকিপার কেপা আরিসাবালাগাকে নিয়ে চেলসি যখন বেশ ঝামেলায় ছিল, তখন এই গোলকিপারকে কিনতে চেয়েছিল লন্ডনের ক্লাবটা। পরে রেনেঁ থেকে এদুয়ার্দ মেন্দিকে নিয়ে আসে চেলসি। পরের বছরেই মুসো পাড়ি জমান আতালান্তায়।