বান্ধবীকে পেটানোর গুরুতর অভিযোগ রোনালদো-সতীর্থের বিরুদ্ধে

হ্যারিয়ট রবসনছবি : ইনস্টাগ্রাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যানচেস্টার ইউনাইটেডের অন্যতম প্রতিভাবান ফরোয়ার্ড মনে করা হয় তাঁকে। যদিও ক্রিস্টিয়ানো রোনালদো আসার পর সেভাবে মূল একাদশে সুযোগ পাচ্ছিলেন না। তাও রোনালদোর পাশাপাশি এদিনসন কাভানি, মার্কাস রাশফোর্ড, অ্যান্থনি মার্সিয়ালের সঙ্গে মেসন গ্রিনউডকেও ইউনাইটেড রক্ষণভাগের অন্যতম বড় শক্তি মানেন দলের কোচ রালফ রাংনিক।


কিন্তু এই গ্রিনউডের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তারপর এই তারকা আদৌ ইউনাইটেডের হয়ে খেলতে পারেন কি না, ইউনাইটেডই তাঁকে দলে রাখে কি না, সেটা নিয়ে প্রশ্ন উঠেছে বড়সড়।

হ্যারিয়টের সঙ্গে গ্রিনউড
ছবি : টুইটার

না, জানুয়ারি দলবদল বাজারের স্বাভাবিক প্রক্রিয়ায় দল ছাড়ছেন না তিনি। তাঁর বান্ধবী হ্যারিয়ট রবসন গুরুতর এক অভিযোগই করেছেন এই স্ট্রাইকারের বিরুদ্ধে। গ্রিনউডের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছেন রবসন।


সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি ও ভিডিও পোস্ট করে হ্যারিয়ট জানিয়েছেন, গ্রিনউড তাঁকে শারীরিকভাবে নির্যাতন করেছেন।

হ্যারিয়ট
ছবি : ইনস্টাগ্রাম

ছবি ও ভিডিওগুলো বেশ ভয়াবহই বলতে হয়। ভিডিওতে দেখা যাচ্ছে, মারধরের কারণে হ্যারিয়টের ওপরের ঠোঁট কেটে রক্ত গড়িয়ে জামা ভিজিয়ে দিচ্ছে। অন্য ছবিগুলোতেও দেখা যাচ্ছে শরীরের বিভিন্ন অঙ্গের ক্ষতবিক্ষত অবস্থা। ক্যাপশনে হ্যারিয়ট লিখেছেন, ‘তাঁদের জন্য, যাঁরা জানতে চান মেসন গ্রিনউড আমার সঙ্গে কী কী করে।’

মেসন গ্রিনউড
ছবি: রয়টার্স

স্কুলজীবন থেকেই একজন আরেকজনের সঙ্গে আছেন এই গ্রিনউড-হ্যারিয়ট জুটি। সম্পর্কের এক বছর পূর্তির ব্যাপারটাও সবাইকে জানিয়েছিলেন বেশ ঢাকঢোল পিটিয়ে। মাঝে একবার দুজনের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেলেও পরে নিজেদের মধ্যে ঠিকঠাক করে নেন।


এই কাজের জন্য গ্রিনউড আনুষ্ঠানিকভাবে দোষী সাব্যস্ত হলে ইউনাইটেড কী করে, সেটাই দেখার বিষয় এখন।