বান্ধবীকে পেটালেন ম্যারাডোনা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বান্ধবী অলিভার সঙ্গে ম্যারাডোনা। ছবি: মেইল অনলাইন
বান্ধবী অলিভার সঙ্গে ম্যারাডোনা। ছবি: মেইল অনলাইন

আবারও আলোচনায় ডিয়েগো ম্যারাডোনা। কদিন আগে বুয়েনস এইরেসে প্রকাশ্যে সাংবাদিককে চড় মেরে বিতর্ক সৃষ্টি করেছিলেন আর্জেন্টিনা কিংবদন্তি। কদিন বাদে আবারও সেই বিতর্ক। এবার তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে বান্ধবী পেটানোর!
ঘটনাটা ঘটেছে বান্ধবী রোসিও অলিভার সঙ্গে। এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে, সেখান থেকে সংবাদমাধ্যমে। ভিডিওতে দেখা যায়, রাগে গজরাতে গজরাতে এগিয়ে যাচ্ছেন ম্যারাডোনা। বলছেন, ‘ফোনটা রেখে দাও, ফোনটা রেখে দাও। ওটা দেখা বন্ধ করো।’ অলিভা উত্তর দেন, ‘আমি কি দেখতে পারি না?’ এরপরই ম্যারাডোনা অলিভার শরীরে আঘাত করেন। অলিভা তখন বলতে থাকেন, ‘থামো ডিয়েগো | শান্ত হও, আঘাত করা বন্ধ করো।’ ভিডিওটা করেছেন অলিভা নিজেই।
এ নিয়ে আলোচনার ঝড় ওঠায় ৫৩ বছর বয়সী ম্যারাডোনা এক সাংবাদিককে নাকি বলেছেন, ‘ফোনটা আমি ফেলে দিতে চেয়েছিলাম। কিন্তু কসম, একজন নারীর গায়ে কখনই হাত তুলিনি। কাহিনি এখানেই শুরু, এখানেই শেষ। রোসিওর হাত থেকে ফোনটা কেড়ে নিতেই অমন করেছিলাম। এর বেশি কিছু ঘটেনি।’
এর আগে জানা গিয়েছিল, অলিভার সঙ্গে সম্পর্ক নাকি টুটে গেছে ম্যারাডোনার। দুবাইয়ে থাকার সময় অলিভা ছিলেন ম্যারাডোনার ছায়াসঙ্গী। ম্যারাডোনা-অলিভার পরিচয় ২০১০ সালে। মাঝে দুজনের সম্পর্ক এতটা তিক্ত হয়েছিল, আর্জেন্টিনা কিংবদন্তি অভিযোগ করলেন, অলিভা দুবাইয়ের বাড়ি থেকে তাঁর কিছু মূল্যবান জিনিস চুরি করে পালিয়েছেন। পরে পুলিশ আটকও করে ম্যারাডোনার ২৪ বছর বয়সী সাবেক বান্ধবীকে। মেইল অনলাইন, এল মুন্ডো।