বান্ধবীকে বাঁচাতে গিয়ে খুন ফুটবলার

বান্ধবী কেলি খুমালোর ইনস্টাগ্রামে এখনো রয়ে গেছে তাঁর অনেকগুলো ছবি। কোনোটায় হাসছেন, কোনোটায় দুষ্টুমি করছেন বান্ধবীর সঙ্গে। ছবির নিচে ভক্ত আর শুভাকাঙ্ক্ষীদের কত মন্তব্য! ‘দুজনকে খুব মানিয়েছে’, ‘এ হাসি সব সময় থাকুক’ কিংবা ‘সারা জীবন সুখী হও তোমরা দুজন’—এমন আরও কত শুভকামনা।
এখন সেই মন্তব্যগুলো পড়তে গেলে নিশ্চয়ই চোখ ভিজে উঠবে খুমালোর? সারা জীবন সুখী হওয়ার কথা ছিল যাঁকে নিয়ে, সেই মানুষটাই যে আর নেই! না-ফেরার দেশে চলে গেছেন তাঁর সঙ্গী, দক্ষিণ আফ্রিকা ফুটবল দল বাফানা বাফানার গোলরক্ষক ও অধিনায়ক সেনজো মেয়িবা।
পরশু রাতে পপতারকা বান্ধবী খুমালো জোহানেসবার্গের বাড়িতেই ছিলেন মেয়িবা। স্থানীয় সময় রাত ৮টার দিকে আচমকা বাড়িয়ে ঢোকে দুই ডাকাত। খুমালোর মাথায় পিস্তল ঠেকিয়ে সব মূল্যবান জিনিসপত্র নিয়ে যেতে চেয়েছিল তারা। তখনই বাধা দিতে গিয়ে মারা যান মেয়িবা। ডাকাতের গুলিটা এফোঁড়-ওফোঁড় করে দেয় তাঁর বুক।
২৭ বছর বয়সী মেয়িবা খেলতেন দক্ষিণ আফ্রিকার ক্লাব অরল্যান্ডো পাইরেটসে। ২০১৩ সালে জাতীয় দলের অভিষেকের পর এ বছরই জাতীয় দলের অধিনায়কত্ব পেয়ে যান। আফ্রিকা কাপ অব নেশনসের বাছাইপর্বে সর্বশেষ চারটি ম্যাচে জাতীয় দলের নেতৃত্ব দিয়েছেন এই গোলরক্ষক। চার ম্যাচের দুটি জিতেছে তাঁর দল, ড্র করেছে দুটি। এই চার ম্যাচে একটিও গোল খাননি মেয়িবা।
খুনিদের ধরিয়ে দেওয়ার জন্য ঘোষণা করা হয়েছে প্রায় ১৫ লাখ টাকা। রয়টার্স, এএফপি।