বান্ধবীর সঙ্গে বিচ্ছেদ রোনালদোর?

তবে কি দুজনের পথ দুটি হয়ে গেল? তবে কি ক্রিস্টিয়ানো রোনালদো-ইরিনা শায়েকের পাঁচ বছরের প্রেম উপাখ্যানের আকস্মিক সমাপ্তি? নানা গুঞ্জন বাতাসে। গুঞ্জনের পালে জোর হাওয়া লেগেছে ব্যালন ডি’অর পুরস্কার অনুষ্ঠানের পর।
গতবার প্রিয়তমের ব্যক্তিগত অর্জনের স্বীকৃতি স্বচক্ষে দেখতে জুরিখের সন্ধ্যায় হাজির হয়েছিলেন ইরিনা। পাশাপাশি বসেছিল রোনালদো-ইরিনা ও মেসি-রোকুজ্জো জুটি। এবার মেসি-রোকুজ্জো হাজির হলেও রোনালদোর পাশের চেয়ারটায় ছিলেন না ইরিনা। তবে কি রিয়াল তারকা-রুশ মডেলের সম্পর্কে কোনো ফাটল ধরল? শুধু তা-ই নয়, রোনালদোর টানা দ্বিতীয়বার পুরস্কার পাওয়ার পর ইরিনার কোনো প্রতিক্রিয়াও নেই! হোক সংবাদ কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে। আরও কিছু ঘটনায় রোনালদো-ইরিনার বিচ্ছেদের পেছনে যুক্তি খুঁজে পেয়েছেন অনেকে। যেমন-সম্প্রতি টুইটারে রোনালদোকে অনুসরণ করা বন্ধ করে দিয়েছেন ইরিনা।
সম্প্রতি এ নিয়ে পর্তুগালের অন্যতম জনপ্রিয় ট্যাবলয়েট কুরিও ডা মানহা রীতিমতো বোমা ফাটিয়েছে। পত্রিকাটি জানিয়েছে, রোনালদোর সঙ্গে ইরিনার সম্পর্ক টুটে গেছে! কারণ হিসেবে জানিয়েছে, রোনালদো ইরিনাকে নিয়ে বড় দিন কাটিয়েছিলেন দুবাইয়ে। এর কদিন পরই ছিল মা দোলোরেস আভেইরার ৬০তম জন্মদিন। পর্তুগিজ উইঙ্গার পরিকল্পনা করেন, মাদেইরাতে গিয়ে মাকে চমকে দেবেন। এটাই হবে তাঁর জন্মদিনের বড় উপহার। কিন্তু বেঁকে বসেন ইরিনা। কিছুতেই রোনালদোর সঙ্গে পর্তুগালে যাবেন না তিনি। অগত্যা রোনালদো একাই চলে যান জন্মশহরে। পরে ছেলেকে নিয়ে একাই উদযাপন করেন ইংরেজি বর্ষ। কিন্তু কেন রোনালদোর মায়ের জন্মদিনে আসলেন না ইরিনা? কুরিও ডা মানহা জানিয়েছে, গত কয়েক মাস রোনালদোর জীবনসঙ্গিনীর সঙ্গে ‘ঠান্ডা যুদ্ধ’ চলছে দোলোরেসের! সূত্র জানিয়েছে, আসলে রোনালদোর মা ভাবছেন সিআর সেভেনের চার বছর বয়সী পুত্রকে নিয়ে। দোলোরেস ভাবছেন, ক্রিস্টিয়ানো জুনিয়রের লালন-পালনের দায়িত্ব নিতে ইরিনা যথার্থ নারী নন। তিনি এমন নারী চাইছেন, যিনি মা হিসেবে নাতির জন্য উপযুক্ত। ক্রিস্টিয়ানো জুনিয়র এখন দাদিমায়ের কাছেই বড় হচ্ছে। ঘটনা এখানেই শেষ নয়। সম্প্রতি স্পেনে গিয়ে রোনালদোর বাড়িতে না গিয়ে হোটেলে থেকেছেন ইরিনা। কারণ, রোনালদোর বাড়িতে ছিলেন দোলোরেস।
এদিকে ইরিনার ব্যক্তিগত সহকারী জানিয়েছেন, কাজের ব্যস্ততার কারণে তিনি ব্যালন ডি’অর অনুষ্ঠানে হাজির হতে পারেননি। কিন্তু এ যুক্তিও ধোপে টেকে না। কেননা, ব্যালন ডি’অরের সূচি তো এক বছর আগেই জানানো হয়। তথ্যসূত্র: মেইল অনলাইন ও কুরিও ডা মানহা।