বাংলাদেশে এটা যেন রীতিই হয়ে গেছে—জাতীয় ফুটবল দলের খেলা মানে এক-দেড় মাস আগে থেকেই শীর্ষ স্তরের সব খেলা বন্ধ! বাফুফের নতুন কমিটিও এই ধারা ভাঙতে পারল না। তাজিকিস্তানের সঙ্গে ২ ও ৭ জুন এশিয়া কাপের প্লে-অফ ম্যাচ দুটির জন্য যেমন ফেডারেশন কাপ পিছিয়েই দিতে হলো বাফুফেকে।
এই টুর্নামেন্ট আজ থেকে মাঠে গড়ানোর কথা ছিল। কিন্তু প্রিমিয়ার লিগের ১২ দলের মধ্যে এই টুর্নামেন্টে খেলতে নিবন্ধন করেছে মাত্র তিনটি দল—শেখ জামাল, মুক্তিযোদ্ধা ও আরামবাগ। ফলে গতকাল সভা ডেকে ফেডারেশন কাপ নিয়ে যাওয়া হয়েছে তাজিকিস্তান ম্যাচের পর।
অথচ লিগ কমিটির আগের সভায় ক্লাবগুলো ১৫ মে থেকে ফেডারেশন কাপ খেলতে সম্মতি জানিয়েছিল। এখন যুক্তি হিসেবে কেউ কেউ জাতীয় স্বার্থের কথা বলছেন। কালকের সভায় উপস্থিত ব্রাদার্সের সাধারণ সম্পাদক ও বাফুফের সহসভাপতি মহিউদ্দিন মহি যেমন বললেন, ‘আমরা চাই, জাতীয় দল ভালোভাবে ম্যাচ দুটি খেলুক, এ কারণেই ফেডারেশন কাপ পেছানোর সিদ্ধান্ত।’
জাতীয় দলের ভালো ফল সবাই চায়। তাই বলে সব বন্ধ করে দেওয়া মানে ঘরোয়া ফুটবলের পিছিয়ে পড়া! তা ছাড়া বারবার খেলা পেছানোয় বাফুফেরও মুখ থাকছে না। অতীতের এই অভিজ্ঞতা মাথায় রেখে পুনর্নির্বাচিত হয়ে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেছিলেন, ‘ক্লাবের চাপের কাছে আর ভেঙে পড়ব না। ফেডারেশন কঠোর হবে এখন থেকে।’
কিন্তু কোথায় কী! সেই ক্লাবই তো ছড়ি ঘোরাচ্ছে বাফুফের ওপর। কথা ছিল জাতীয় দলের ক্যাম্প থেকে আগের দিন নিজেদের খেলোয়াড় নিয়ে ফেডারেশন কাপে ম্যাচ খেলবে দলগুলো। সেটি ছিল প্রশংসনীয় সিদ্ধান্ত। কিন্তু এক সপ্তাহের মধ্যে অনেক ক্লাবই অবস্থান বদলাল, বাফুফের মুখেও তাই উল্টো সুর।
বাফুফের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদী ব্যাখ্যা করলেন খেলা পেছানোর কারণ, ‘শুরু করে বন্ধ করার চেয়ে একবারেই ভালোভাবে মাঠে নামালে টুর্নামেন্টটা জমবে। সেটা মনে রেখেই বেশির ভাগ ক্লাবের অনুরোধে ফেডারেশন কাপ এ মুহূর্তে আয়োজন করছি না আমরা।’