বাফুফে এখনো নির্বিকার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষোভ, হতাশা আর আক্ষেপ কুরে কুরে খাচ্ছে দেশের ফুটবল অঙ্গনকে। অথচ ভুটান বিপর্যয়ের পাঁচ দিন পরও কোনো হেলদোল নেই বাফুফের। নেই ‘জরুরি মিটিং’। ফুটবল নিয়ে এখনকার করণীয়টা ভেবে ওঠা যায়নি। কেউ ভাবছে বলেও মনে হচ্ছে না। বাফুফের ভবন অনেকটা ফাঁকা। কর্তারা যে যাঁর কাজে ব্যস্ত।
কাল সন্ধ্যায় বাফুফের কর্মীরা অবশ্য সাংবাদিকদের একটা খবর দিলেন, সভাপতি কাজী সালাউদ্দিন জাতীয় দলের ব্যর্থতা নিয়ে আজ প্রথমবার সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া জানাবেন। সেই প্রতিক্রিয়া কী হতে পারে, পূর্ব অভিজ্ঞতা থেকে সেটিও ধারণা করা যায়। হয়তো বলবেন, ‘আমি তো জাতীয় দলের জন্য সব করেছি। আমি আর কী করব।’
কথাটা অনেকাংশে সত্যিও। জাতীয় দলের পেছনে কাঁড়ি কাঁড়ি টাকা ঢালতে সালাউদ্দিন কার্পণ্য করেননি। ফেডারেশন যেহেতু সভাপতি-শাসিত, তাই যখন যা সিদ্ধান্ত নেওয়ার নিয়েছেন। বিদেশ থেকে দামি কোচিং স্টাফ এনেছেন। কিন্তু আখেরে সেটা হলো ভস্মে ঘি ঢালা। জাতীয় দল দিয়েছে শুধু হারের হতাশা আর লজ্জা।
এই বিরূপ পরিস্থিতি এড়াতে সবচেয়ে বেশি যা প্রয়োজন ছিল, সেই তৃণমূলে এত বছরেও নজর কি পড়েছে? উত্তরটা ভালো দিতে পারেন বাফুফের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান বাদল রায়। কাল তিনি বাফুফে ভবনে বসে হা-হুতাশ করছিলেন। তিনি অস্বীকার করতে পারছেন না, ‘তৃণমূল ফুটবলের উন্নয়নে কোনো কাজই হয়নি।’ কেন হয়নি দিলেন সেই ব্যাখ্যাও, ‘তৃণমূলের জন্য টাকা বরাদ্দ করা হয়নি। অনেকবার বলেছি, টাকা না পেলে কী করব।’
বাফুফের আর্থিক সংকটের কথা প্রায়ই বলেন কর্তারা। কিন্তু তৃণমূলে কাজ ছাড়া বাকি কোনো কিছু আটকে নেই! এমনকি উচ্চ বেতনে টেকনিক্যাল ডাইরেক্টর পল স্মলিকে আনা হয়েছে দুই মাস আগে। মাস শেষে বেতনটাই গুনবেন তিনি, ফেডারেশন কাজ না দিলে আর কী করবেন!
তাহলে এত এত সাবেক ফুটবলার ফেডারেশনের কমিটিতে এসে কী করলেন? তৃণমূলের টুর্নামেন্টগুলো আয়োজন করতে তাঁরা ব্যর্থ। ডানোন নেশনস কাপ অনূর্ধ্ব-১২, অনূর্ধ্ব-১৪ বিমান কাপ, অনূর্ধ্ব-১৫ জেএফএ কাপ, স্কুল ফুটবল—কোনো কিছুরই আজ আর হদিস নেই। জাতীয় দল নিয়ে পড়ে আছে বাফুফে। এখন তো নারী ফুটবলই হয়ে উঠছে ‘অন্ধের যষ্টি’। বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল হক বললেন, ‘এই জাতীয় দলের পেছনে অহেতুক কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করে লাভ হলো না। ভুটানের কাছেও এই দল হারবে আগেই অনুমান করেছিলাম।’ বাফুফের চেয়ারে থাকলে কী করতেন, বললেন সেটাও, ‘সবাই জানেন কী করা দরকার। তৃণমূল থেকে খেলোয়াড় তুলে আনা ছাড়া আর বিকল্প নেই।’
কিন্তু তৃণমূল থেকে খেলোয়াড় কারা আনবে? ক্লাব কিছুই করছে না। এখানেই বাফুফের সদস্য অভিজ্ঞ সংগঠক আবদুর রহিম অনেক করণীয় দেখেন ফেডারেশনের। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের খেলা দেখতে দেখতে বলছিলেন, ‘ক্লাবগুলোর যুবদল রাখা বাধ্যতামূলক করা হলেও সব ক্লাব দল গড়েনি। ক্লাবকে এখন এসব জরুরি কাজে বাধ্য করার সময় এসেছে। ফেডারেশনকে আরও সক্রিয় হতে হবে।’
কিন্তু বাফুফে সক্রিয় নয়, জরুরি বিষয়গুলো নিয়ে আলোচনার তাগিদও কর্মকর্তাদের মধ্যে দেখা যায় না। এর মধ্যে আরেক কাণ্ড। এশিয়ান কাপের বাছাইয়ে যেতে না পারা দলগুলোর জন্য মালয়েশিয়ায় সলিডারিটি কাপে নিবন্ধন আগেই করে রেখেছে বাফুফে। ভুটান কিন্তু নিবন্ধন করেনি! বাফুফে আগ বাড়িয়ে নিবন্ধন করে এখন ওই টুর্নামেন্টে দল পাঠাবে না বলেছে। এতে এএফসি ২০ হাজার ডলার জরিমানার খড়্গ ঝুলিয়ে দিয়েছিল। ভুটান বিপর্যয়ের মধ্যেই বলে-কয়ে সেই জরিমানা নাকি মওকুফ করা হয়েছে।