বাফুফে জানে না ভোট গেল কই!
ফিফা বর্ষসেরা পুরস্কারে ভোট দেওয়া দেশের তালিকায় বাংলাদেশের নাম নেই। তা দেখে মনে হচ্ছে বাংলাদেশ বুঝি ভোটই দেয়নি! তবে বাফুফের দাবি, বাংলাদেশের কোচ ও অধিনায়ক দুজনই ভোট দিয়েছেন। তাহলে কেন তালিকায় বাংলাদেশের নাম নেই?
এই প্রশ্নটা খোদ বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগেরও, ‘সঠিক সময়ে আমাদের কোচ ও অধিনায়ক ভোট দিয়েছেন। সেই ভোটের প্রাপ্তি স্বীকার করে আমাদের চিঠিও দেয় ফিফা। কিন্তু তালিকায় নাম না থাকার কারণটা আমরা ফিফার কাছে জানতে চাইব।’
বাফুফে জানিয়েছে, বাংলাদেশ কোচ টম সেন্টফিট কোচ হিসেবে সেরা তিনে রেখেছেন লেস্টার সিটির ক্লদিও রানিয়েরি, পর্তুগালের ফার্নান্দো সান্তোস ও ওয়েলসের কোলম্যানকে। খেলোয়াড় হিসেবে এই বেলজিয়ান কোচের ভোট গেছে ফ্রান্সের গ্রিজমান, আলজেরিয়া ও লেস্টারের মাহরেজ ও বেলজিয়ামের কেভিন ডি ব্রুইনের বাক্সে।
অধিনায়ক মামুনুল ইসলামের পছন্দের তিন কোচ রানিয়েরি, বার্সার লুইস এনরিকে ও ম্যানসিটির গার্দিওলা। তাঁর সেরা তিন ফুটবলার—রোনালদো, মেসি ও নেইমার।