বাফুফে নির্বাচনের টুকরো কিছু গল্প

আজ সারাদিন হোটেল র্যাডিসনের নির্বাচন কেন্দ্রে কত ঘটনাই না ঘটেছে! সময় যতই গড়িয়েছে বারবার প্রার্থীদের অভিব্যক্তি বদলেছে । নানা অপপ্রচার চলেছে, গুঞ্জন ডালপালা ছড়িয়েছে। এক সময় ভোট হয়েছে। ভোটে যাঁরা জিতেছেন তাঁদের মুখে বিজয়ীর হাসি, পরাজিত মুখগুলোতে ছিল রাজ্যের বিষণ্নতা। বাফুফে নির্বাচনের কিছু গল্প তুলে ধরা হলো এখানে—
শতভাগ ভোটারের উপস্থিতি: ষাট ভাগ ভোটগ্রহণ শেষ। হন্তদন্ত হয়ে ভোট দিতে এলেন ফেনী জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কাউন্সিলর নিজাম উদ্দিন হাজারী। ভদ্রলোক দেশে ছিলেন না। কিন্তু বাফুফের নির্বাচনে ভোট দিতে যুক্তরাষ্ট্র থেকে দেশে এসেছেন। এসেই বিমানবন্দর থেকে সোজা হোটেল র্যাডিসনের ভোটকেন্দ্রে। শুধু নিজাম উদ্দিনই নন, প্রান্তিক ক্রীড়া চক্রের কাউন্সিলর আবদুল ওয়াহিদ তুরস্কে গিয়েছিলেন ব্যবসায়িক কাজে। বাফুফের ভোট দিতে তিনিও চলে আসেন ঢাকায়। প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন জানালেন, ‘এবারের নির্বাচনে ভোটারের উপস্থিতি দেখে আমার খুব ভালো লাগছে। এখানে ১৩৪ জন ভোটারের মধ্যে সবাই উপস্থিত ছিলেন।’
ফুলেল শুভেচ্ছা পণ্ড: তখনো ভোটগ্রহণ শেষ হয়নি। কিন্তু হোটেলের লবিতে, করিডোরে গুঞ্জন, ফিসফাস—সভাপতি পদে জিতে গেছেন কামরুল আশরাফ। একই সঙ্গে হোটেলের পোর্টিকোতে গাড়িভর্তি ফুলের তোড়া নিয়ে ঢুকতে লাগলেন সমর্থকেরা। হোটেলের পাশের বিমানবন্দর রেল স্টেশনেও নাকি তিন ট্রাক ফুল নিয়ে হাজির হয়েছেন নরসিংদীর একদল সমর্থক। নরসিংদীর মেয়রসহ ওই এলাকার বিভিন্ন লোকজন যখন আগাম শুভেচ্ছা জানাতে এভাবে হোটেলে এলেন, এসব দেখে কাজী সালাউদ্দিন পরিষদের সমর্থকদের মুখ শুকিয়ে পাংশুবর্ণ। নির্বাচনের ফল ঘোষণার আগ পর্যন্ত চলল এমন অপপ্রচার। কিন্তু শেষ পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার যখন কাজী সালাউদ্দিনকে বিজয়ী ঘোষণা করেন, তারপর কামরুল আশরাফের সমর্থকদের খুঁজে পাওয়াই ছিল দুষ্কর!
কাঁদলেন কাজী সালাউদ্দিন: ভোটগ্রহণ শেষে নির্বাচনী কক্ষেই ফল ঘোষণা করা হলো। ঘোষকের মুখে সভাপতি পদে বিজয়ী হিসেবে কাজী সালাউদ্দিনের নাম উচ্চারিত হতেই ‘জয় বাংলা’ বলে চীৎকার করে ওঠেন কক্ষে থাকা কাউন্সিলররা। মঞ্চের ওপর উঠে নাচতে শুরু করে দেন সহসভাপতি কাজী নাবিল আহমেদ। সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদী, হারুনুর রশীদ, সত্যজিৎ দাস রুপুদের জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন কাজী সালাউদ্দিন। এ ছিল আনন্দের কান্না। পাশ থেকে সবাই তাঁকে অভিনন্দন জানিয়ে বলতে থাকেন, ‘এই জয় আমাদের সবার। আসলে ফুটবলেরই জয় হলো আজ।’
১০ লাখেও নয়: মাত্রই ভোট দিয়ে বের হয়েছেন ঢাকার বাইরের এক কাউন্সিলর। নাম প্রকাশ না করার শর্তে দিলেন চমকপ্রদ কিছু তথ্য। গত পরশু রাতে হোটেল র্যাডিসনে প্রতিটি কক্ষেই নাকি একটি মহল সভাপতি পদের ভোট কিনতে এসেছিলেন। ওই কাউন্সিলর বললেন, ‘সদস্য ও সহসভাপতি বাদে শুধু সভাপতি পদে তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে অনুরোধ নিয়ে একদল লোক এসেছিলেন। তাঁরা প্রথমে ৫ লাখ টাকা দিতে চেয়েছিলেন। রাজি হচ্ছি না দেখে ১০ লাখ টাকা পর্যন্ত প্রস্তাব দেন। কিন্তু আমি রাজি হইনি।’ কেন রাজি হলেন না? প্রশ্নটা করতেই জানালেন, ‘আমি ছোটবেলা থেকেই সালাউদ্দিনের সমর্থক। নিজেও ফুটবল সংগঠক। যোগ্য লোককেই ভোট দিয়েছি।’