বাফুফে ব্যস্ত বড় পর্দায় খেলা দেখাতেই

>বিশ্বকাপ চলছে। ফুটবলের মোহনীয় আকর্ষণে বুঁদ দেশের ফুটবলপ্রেমীরা। কিন্তু বিশ্বকাপ ফুটবলের আকর্ষণকে দেশের ফুটবল উন্নয়নে কাজে লাগানোর কোনো কার্যক্রমই নেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের হাতে। এ মুহূর্তে তাদের সবচেয়ে বড় কাজ বড় পর্দায় বিশ্বকাপের খেলা দেখানো!
ফুটবলের বিশ্বকাপ প্রায় শেষের পথে। কালই শুরু হয়ে যাবে শেষ চারের লড়াই। প্রায় এক মাস ধরে ফুটবলের আকর্ষণে বুঁদ দেশের ফুটবলপ্রেমীরা। বিশ্ব ফুটবলের সেরা তারকাদের খেলা উপভোগের পাশাপাশি চলছে আত্মজিজ্ঞাসাও। ব্রাজিল-আর্জেন্টিনাকে নিয়ে আমাদের এত মাতামাতি, কিন্তু ফুটবলে বাংলাদেশের অবস্থানটা কোথায়! আমরা কেন কেবলই পিছিয়ে পড়ছি ফিফার র্যাঙ্কিংয়ের!
এসব প্রশ্নের উত্তর দেওয়ার দায়িত্ব যাদের, সেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) গত এক মাসে যে কাজটি নিষ্ঠার সঙ্গে করেছে, সেটি হচ্ছে বড় পর্দায় বিশ্বকাপ দেখানোর ব্যবস্থা। বাফুফে ভবনের নিচে সাধারণ মানুষের জন্য খেলা দেখানোর ব্যবস্থা করে বাফুফে হয়তো প্রশংসিত হয়েছে, কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে—বিশ্বকাপের উন্মাদনা ও ফুটবলের প্রতি মানুষের আগ্রহ কাজে লাগিয়ে দেশের ফুটবলের জন্য তারা নতুন কী কার্যক্রম হাতে নিয়েছে?
বাফুফের হাতে এ মুহূর্তে কোনো বয়সভিত্তিক দলই নেই। অনূর্ধ্ব–১৫ সাফ চ্যাম্পিয়নশিপের জন্য একটি বয়সভিত্তিক দল গঠন করতে একটি তিন দিনের ট্রায়াল অনুষ্ঠিত হয়েছে। বাছাই করে রাখা হয়েছে ৬০ জন খেলোয়াড়কে। শেষ হয়নি খেলোয়াড় বাছাই পর্বের প্রক্রিয়াও। এদের নিয়ে ১৯ তারিখে অনুষ্ঠিত হবে চূড়ান্ত বাছাই পর্ব। কিন্তু বাছাই করা খেলোয়াড়েরা এখন আছে তাদের মতো করেই।
সাফ অঞ্চলের প্রায় সব দেশের ফেডারেশনের হাতেই বয়সভিত্তিক দলের জন্য খেলোয়াড় প্রস্তুত অবস্থায় থাকে। কারণ, তাদের সবারই আছে নিজস্ব ফুটবল একাডেমি। অথচ, বাংলাদেশে এখনো এ ধরনের টুর্নামেন্টের আগে সংক্ষিপ্ত ট্রায়ালের মধ্য দিয়ে দল গঠন করতে হয়। ভারত, মালদ্বীপ, নেপাল এমনকি ভুটানের চেয়েও এসব জায়গায় যোজন ক্রোশ পিছিয়ে বাংলাদেশের ফুটবল।
বাছাই হওয়ার পরেও প্রতিভাবান ফুটবলারদের সারা বছর ধরে রাখার কোনো প্রক্রিয়া নেই। গত বছর এএফসি অনূর্ধ্ব–১৬ ফুটবলে কাতারকে হারানো দলটিকে কখনোই একসঙ্গে রেখে অনুশীলনের ব্যবস্থা করা হয়নি। এই অবস্থার পরিবর্তন না হলে ফুটবল উন্নয়নের কোনো আশাই নেই। বাফুফের ডেভেলপমেন্ট কমিটির প্রধান সাবেক তারকা বাদল রায় এ ব্যাপারে পুরো দায় চাপিয়েছেন ফেডারেশনের নীতিনির্ধারকদের কাঁধেই, ‘ভালো ফল পেতে ভালো প্রস্তুতি দরকার। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমাদের বয়সভিত্তিক দলগুলোকে দীর্ঘ মেয়াদে প্রশিক্ষণ দেওয়ার কথা আমি সব সময়ই বলে আসছি। কিন্তু আমার কথায় কর্ণপাত করা হয়নি।’
বাদল রায়ের কথায় কর্মকর্তাদের সমন্বয়হীনতার ব্যাপারটি স্পষ্ট। কিন্তু সেটি দূর করার ব্যবস্থা নেওয়ার কোনো লক্ষণই আপাতত ফুটবলের সামনে নেই। এখন প্রশ্ন হচ্ছে, দেশের ফুটবল কি এভাবেই চলতে থাকবে?