বাফুফে ভবনে ভাঙচুর, লিগ স্থগিত

দুদিন আগেই নেপালকে হারিয়ে তাদের মুখে ছিল বিজয়ের হাসি। অনূর্ধ্ব-১৪ দলের সেই মেয়েদের মুখে এ মুহূর্তে ভর করেছে আতঙ্ক ও ভয়ের ছায়া। এসএ গেমস সামনে রেখে এ মুহূর্তে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে ক্যাম্প চলছে মেয়েদের। সেই বাফুফে ভবনেই আজ বিকেলে ঘটল অনাকাঙ্ক্ষিত ঘটনা। একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালাল বাফুফে ভবনে। নেপাল থেকে জয়ের হাসি নিয়ে ফেরা মেয়েরা তখন সেই ভবনেই ছিল।
বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে আরামবাগকে ৩-২ গোল হারিয়েছে পুলিশ অ্যাথলেটিক ক্লাব। এ হারের জের ধরে আরামবাগের একদল সন্ত্রাসী হঠাৎই বাফুফে ভবনে ঢুকে ভাঙচুর শুরু করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় ভবনের সামনের দেয়ালের সব কাচ ভেঙে ফেলে সন্ত্রাসীরা। ভাঙচুর হয় বাফুফে ভবনের অভ্যর্থনা কক্ষ।
রেহাই পায়নি ভবনের সামনে থাকা ৬-৭টি গাড়ি। সন্ত্রাসীরা ভাঙচুর করে পেশাগত কাজে এ সময় বাফুফে ভবনে থাকা প্রথম আলোর উপ-ক্রীড়াসম্পাদক পবিত্র কুন্ডুর গাড়িও। এ সময়ে ভবনে অবস্থান করা বাফুফের কর্মকর্তা ও কর্মচারীরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে সবচেয়ে বেশি মানসিক ধাক্কা লেগেছে এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক প্রতিযোগিতা জিতে আসা ফুটবলারদেরও।
ঘটনার ২০ মিনিট পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পরপরই চলমান লিগ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বাফুফের পেশাদার লিগ কমিটি। একই সঙ্গে চ্যাম্পিয়নশিপ লিগের পূর্বনির্ধারিত তারিখের মধ্যবর্তী দলবদলও স্থগিত করা হয়েছে। আগামী ২৫ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল এই দলবদল।