বাফুফে ভবনের সামনে বিক্ষোভ
মতিঝিলের ফুটবল ফেডারেশন ভবনের সামনে জনা পঞ্চাশেক সমর্থক। কিশোর-যুবাদের সঙ্গে এসেছেন বয়স্ক ব্যক্তিরাও। সবার মাথায় কালো কাপড় বাঁধা। কারও হাতে ধরা প্ল্যাকার্ডে লেখা, ‘আর কত নিচে নামলে বাফুফের কর্তারা পদত্যাগ করবেন?’ কারও হাতে, ‘এরপরও ফুটবলাররা মৌসুমে ৫০ লক্ষ টাকা পাবে, বাফুফে পচে গেছে, ফুটবল মরে গেছে, মৃত ফুটবলকে শোক জানাতে এলাম।’
এশিয়ান কাপের প্লে-অফের বাছাইয়ে ভুটানের কাছে পরশু লজ্জাজনকভাবে হেরেছে বাংলাদেশ ফুটবল দল। সেই দুঃখে, ক্ষোভে, হতাশায় একদল ফুটবলপাগল সমর্থক কাল বিকেলে ক্ষোভ জানাতে আসেন বাফুফে ভবনের সামনে। সেখানেই তাঁদের হাতে ধরা ছিল নানা রকম ব্যানার-ফেস্টুন। মুখে স্লোগান। বাংলাদেশের এই ভরাডুবির দায়টা তাঁরা ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদেরই দিলেন।
লাইটার ইয়ুথ ফাউন্ডেশন নামের একটি সংগঠনের ব্যানারে আসা সমর্থকদের ভিড়ে একজন বলছিলেন, ‘বাংলাদেশের ফুটবল ইতিহাসে এর চেয়ে বাজে দিন আর আসেনি। বর্তমান ফেডারেশনের দাবি, মাঠে সব সময় খেলা আছে। কিন্তু এমন খেলা থাকা দরকার কী, যদি আমরা ভুটানের সঙ্গেও হেরে আসি! আমাদের একাডেমি বন্ধ হয়ে আছে। এভাবেই যদি চলতে থাকে, তাহলে পরের প্রজন্ম জানতেও পারবে না যে কেউ ফুটবল খেলত একসময়। ফুটবলাররা মাঠে পা বাঁচিয়ে খেলেন—এই অভিযোগও তুলেছেন সমর্থকেরা।