সব বাধা পেরিয়ে সালাউদ্দিনের জয়

বিকেল পাঁচটায় ভোট গ্রহণ শেষে কথা ছিল ছয়টা নাগাদ ভোটের ফল প্রচার করা হবে। প্রথমেই সভাপতি পদের ভোট গণনা শেষে বিজয়ী প্রার্থীর নাম জানাবে নির্বাচন কমিশন। কিন্তু ৫টা ৪ মিনিটে হোটেল র্যাডিসনের মিডিয়া সেন্টারে খবর এল, টানা তৃতীয়বার বাফুফের সভাপতি পদে কাজী সালাউদ্দিন নির্বাচিত!
বলে কী! এত তাড়াতাড়ি সব হয়ে গেল! এই যে সালাউদ্দিনের বিরুদ্ধে এত অপপ্রচার, হুমকি-ধমকি, গুজব—এসব ছাপিয়ে তিনি এত সহজে জিতে যাবেন, ভাবা যায়নি। ভোটের ফল প্রচার হতেই সংবাদমাধ্যম ছুটল মূল কেন্দ্রের দিকে। সবাই হুড়মুড় করে ছুটছে। সালাউদ্দিন সমর্থকদের অনেকেই চিৎকার করছেন।
সেখানে দেখা মিলল সালাউদ্দিনের মেয়ে কাজী সারাজিন আর তাঁর স্বামী অ্যালেক্সের। এঁরা দুজন এতই খুশিই যে পারলে নেচে ওঠেন আনন্দে। সারাজিন প্রায় দৌড়াতে দৌড়াতে সাংবাদিকদের কাছে রাখলেন ছোট্ট প্রতিক্রিয়া, ‘সত্যের জয় হয়েছে। আজ সকালে আব্বাকে বলেছিলাম, তুমি জিতবে। তিনি নীরব ছিলেন, একটি কথাও বলেননি। তাঁর মুখ দেখে বুঝে নিয়েছিলাম, আব্বা টেনশনে আছেন। সব টেনশন দূর করে দিলেন ভোটাররা। তাঁদের অনেক ধন্যবাদ। এটা বলেই বাসায় মাকে ফোনে দারুণ এই খবরটা দিলেন সারাজিন, “মা জিতে গেছে আব্বা!”’
ততক্ষণে নির্বাচনকক্ষ থেকে একটি ভিডিও চলে এসেছে বাইরে। সেটিতে দেখা যায়, সালাউদ্দিন কাঁদছেন। তাঁর সঙ্গে হারুনুর রশিদ, মহিসহ আরও অনেকে কাঁদছেন। সবাই উল্লাস করবেন কী, চোখের জল সামলাতেই ব্যস্ত।
সত্যিই এ এক আবেগঘন মুহূর্ত। কারণ, সালাউদ্দিনকে অনেক বাধা পেরোতে হয়েছে। নির্বাচনের দিন আজ সকাল থেকে অপপ্রচার করা হচ্ছিল, জেলা ও বিভাগীয় সংগঠক পরিষদের সভাপতি চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দিন সমর্থন দিয়েছেন বাঁচাও ফুটবল পরিষদকে। বিষয়টা আংশিক সত্যও ছিল। কারণ, চাপের মুখে আ জ ম নাছির শেষ পর্যন্ত কোনো এক জায়গায় নাকি সংশয় প্রকাশ করেন সালাউদ্দিনকে বুঝি আর জেতানো গেল না।
কথাটা বলছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নীলফামারীর কাউন্সিলর আরিফ হোসেন মুন। ঠিক তখনই ভোটের ফল এল, সালাউদ্দিন ৩৩ ভোটের ব্যবধানে জিতেছেন। তিনি পেয়েছেন ৮৩ ভোট, তাঁর প্রতিদ্বন্দ্বী কামরুল আশরাফ খান ৫০ ভোট। একটি ভোট বাতিল হয়েছে। তার মানে ১৩৪ জন ভোটারই ভোট দিতে এসেছেন। কোনো সংগঠনের নির্বাচনে এক শ ভাগ ভোগ প্রদান মানে একটি উল্লেখযোগ্য ঘটনা।
তবে নির্বাচন নিয়ে সব আগ্রহ একপর্যায়ে চলে গিয়েছিল ‘আশা’র পর্যায়ে। যে কারণে ভোটারদের মধ্যেও একটা দ্বিধা কাজ করছিল। সব দ্বিধা উড়িয়ে তাঁরা যে সালাউদ্দিনকে বেছে নিলেন, এটা বাংলাদেশের ফুটবলের জন্যই এক বড় বিজয়। কারণ, প্রতিদ্বন্দ্বী কামরুল আশরাফ খান ফুটবলের মানুষ নন, এই নির্বাচন উপলক্ষে তাঁকে দৃশ্যপটে আনে ‘বাঁচাও ফুটবল’ পরিষদ। শেষ পর্যন্ত ভোটাররা তাঁর হাতে দেশের ফুটবলের ভার সঁপে দিতে রাজি হননি! তবে তিনি যে ৫০টি ভোট পেয়েছেন, সেটিও কম নয়। এই নির্বাচনে তিনি একদিক দিয়ে হারেননি, বরং জিতেছেন অনেক কিছুই।
ভোটের ফল আগেই পেয়ে কামরুল আশরাফ খান হোটেল লবিতে এসে বসে পড়েন তাঁর সমর্থকদের নিয়ে। সেখানে যে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিলেন, তাতে খেলোয়াড়সুলভ মনোভাবই দেখিয়েছেন বাংলাদেশ সার অ্যাসোসিয়েশনের সভাপতি। তিনি পরাজয় মেনে নিয়ে ফুটবলের জন্য কাজ করার আগ্রহ ব্যক্ত করলেন, ‘নির্বাচন সুষ্ঠ হয়েছে। নির্বাচনে হার-জিত আছেই। নির্বাচিত কর্মকর্তারা আমাকে চাইলে আমি ফুটবলের উন্নয়নে কাজ করব।’
তাঁকে যাঁরা এই নির্বাচনে এনেছেন, সেই কর্মকর্তাদের অগ্রণী শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি মনজুর কাদের ভোটের ফল প্রচারের পরপরই চলে যান। যাওয়ার আগে তাঁর মুখে শোনা যায়, ‘স্টুপিড’ শব্দটা। তাঁর সমর্থকেরাও দ্রুত হোটেল ছাড়তে থাকেন।
এই প্রতিবেদন লেখার শেষ পর্যায়ে জানা গেল চারটি সহসভাপতি পদের ফল। সহসভাপতি পদে জিতেছেন কাজী নাবিল আহমেদ (৯২ ভোট), বাদল রায় (৭৩), মহিউদ্দিন মহি (৭২) ও তাবিথ আউয়াল (৬৬)। সালাউদ্দিন পরিষদের সহসভাপতি প্রার্থী সাংসদ সামশুল হক চৌধুরী নির্বাচিত হতে পারেননি। তাবিথ আউয়াল সহসভাপতি পদে পুনর্নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে।
এ পর্যন্ত ভোটের যা ফল, তা জেনে সালাউদ্দিন পরিষদের প্রার্থীদের মুখে একটাই তৃপ্তি, সালাউদ্দিন জিতেছেন। কারণ, সালাউদ্দিন হারলে হারত দেশের ফুটবল!