বাফুফেকে জরিমানা দেবে না আরামবাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাফুফে ভবনে ভাঙচুর ও হামলার ঘটনায় শাস্তি পাওয়া আরামবাগ ক্লাব জরিমানার ৩০ লাখ টাকা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামীকাল ফকিরেরপুলের সঙ্গে চ্যাম্পিয়নশিপ লিগের ম্যাচে খেলতে নামার আগেই এই টাকা ফুটবল ফেডারেশনের তহবিলে জমা দেওয়ার কথা ছিল আরামবাগের। কিন্তু ক্লাবটির সাধারণ সম্পাদক এজাজ মোহাম্মদ জাহাঙ্গীর কাল স্পষ্ট জানিয়ে দিলেন, ‘এত বড় অঙ্কের টাকা আমাদের ক্লাবের পক্ষে দেওয়া সম্ভব না। ফেডারেশন বলেছে টাকা না দিলে আমরা খেলতে পারব না। আমরাও টাকা দিতে পারব না, এই ব্যাপারে পরিষ্কার সিদ্ধান্ত নিয়েছি। এ মুহূর্তে নগদ টাকা দেওয়ার মতো সামর্থ্য আমাদের একেবারেই নেই।’
জরিমানার টাকা না দিলে আরামবাগকে এক বছরের জন্য নিষিদ্ধ থাকতে হবে ফুটবল-সংশ্লিষ্ট সব কার্যক্রম থেকে। এসব নিয়ে আরামবাগ খেলোয়াড়দের কোনো মাথাব্যথা আছে বলে মনে হলো না। কালও সবাই অনুশীলন করেছেন।