বাফুফেকে শেখ জামালের চরমপত্র
ক্লাব চত্বরে বিশাল শামিয়ানা টাঙিয়ে মঞ্চে জনা পনেরো কর্মকর্তা বসলেন। একটা সাজ সাজ রব কাল দুপুরে শেখ জামাল ধানমন্ডি ক্লাবে। দলবদল, এএফসি কাপ নিয়ে দলটির অবস্থান তুলে ধরতেই এই সাড়ম্বর আয়োজন।
সংবাদ সম্মেলনের শুরুতে ক্লাব সভাপতি মনজুর কাদের বাফুফের বিরুদ্ধে গত কিছুদিনের ধারাবাহিকতায় দিলেন আরেকটি ঝাঁজালো বক্তব্য। যেখানে বাফুফেকে ব্যর্থ ও দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান বললেন বারবারই। তবে মূল উদ্দেশ্য শেখ জামালের ‘দলত্যাগী’ ৯ ফুটবলারকে আজকের মধ্যে ফেরত চেয়ে বাফুফেকে চরমপত্র (আল্টিমেটাম) দেওয়া।
কাদের মনে করেন, ওই খেলোয়াড়দের না পেলে এএফসি কাপ খেলা সম্ভব হবে নয়। যদিও টুর্নামেন্ট বর্জনের ঘোষণা দেননি শেখ জামাল সভাপতি। বরং এটি খেলার প্রস্তুতিই নিচ্ছে তাঁর দল।
২৩ ফেব্রুয়ারি সিঙ্গাপুরের মাটিতে প্রথম ম্যাচ সামনে রেখে আর্জেন্টাইন ট্রেনার কোলম্যান চলে এসেছেন সপরিবারে। সংবাদ সম্মেলন চলার সময়ই আই লিগের দল পুনে এফসির মিডফিল্ডার প্রতীক সিন্ধি বিমানবন্দর থেকে ক্লাবে এসে পরিচিত হলেন। আগেই আসা জার্মানিপ্রবাসী রিয়াসাত ইসলাম ও সুইডেনপ্রবাসী নূর রহমানও পরিচয় দিলেন নিজেদের। পুরোনো তিন বিদেশি খেলোয়াড় এমেকা, ওয়েডসন, ল্যান্ডিংয়ের সঙ্গে স্থানীয় কয়েকজন ফুটবলারও ছিলেন।
কিন্তু দলটির আরও খেলোয়াড় চাই। সে জন্যই এএফসির কাছে পাঠানো খেলোয়াড় তালিকায় রাখা হয়েছে ‘দলত্যাগী’ মামুনুল, শাখাওয়াত রনি, সোহেল রানা, সোহেল, নাসির উদ্দিন, ইয়াছিন, ইয়ামিন, জামাল ও রায়হানদের নাম। অথচ তাঁরা বলে দিয়েছেন শেখ জামালে খেলবেন না। অন্য দলের সঙ্গে চুক্তিও করে ফেলেছেন। এটা জেনেও দলত্যাগীদের নাম জমা দিয়ে ভালোই বিপাকে এখন শেখ জামাল।
এই সংকটের জন্য বাফুফেকে দায়ী করেছেন কাদের, ‘ওই নয়জন আমাদের খেলোয়াড়, ওদের আমার চাই।’ সাফ ও বঙ্গবন্ধু গোল্ড কাপে শোচনীয় ব্যর্থ খেলোয়াড়দের জন্য তাঁর এত আহাজারি কেন? কাদেরের যুক্তি, ‘ওরা পরীক্ষিত খেলোয়াড়।’ তাই শেখ জামাল থেকে মামুনুলদের নেওয়ার ‘বিল-ভাউচার’ পর্যন্ত সংবাদ সম্মেলনে উপস্থাপন করা হয়েছে। অন্য ক্লাব থেকে টাকা নিয়ে মামুনুল নাকি ক্ষমা চেয়েছেন শেখ জামালের কাছে, সেই চিঠিও পড়ে শোনান একজন।
লিগ কমিটির সভাপতি সালাম মুর্শেদী শেখ জামালের দাবি উড়িয়ে দিতে পারছেন না। সালাম বলেছেন, ‘২০ জানুয়ারি দলবদলের ফরম ছাড়ার আগ পর্যন্ত একজন খেলোয়াড় পুরোনো ক্লাবেরই।’ অথচ ১৯ জানুয়ারি মহানাটকের মধ্যে এই খেলোয়াড়দের নতুন ঠিকানায় যেতে বাফুফে সাহায্য করেছে বলে শেখ জামালের দাবি। কাদেরের প্রশ্ন, ‘কোন নিয়মে আমাদের খেলোয়াড়দের অন্য দলে ভাগ-বাঁটোয়ারা করে দেওয়া হলো? তাদের লুট করা হলো?’ উত্তরটাও তাঁর জানা, ‘অবস্থা দেখে মনে হচ্ছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন এজেন্সি নিয়ে বসেছে শেখ জামালকে ধ্বংস কবে দেবে।’ তারপর নিজেই বলেন, সরষে দিয়ে যে ভূত তাড়াব, সেই সরষেই তো ভূত!’
একই কথা দলটির ফুটবল কমিটির প্রধান আশরাফউদ্দিন চুন্নুরও, ‘ফেডারেশন সভাপতির সঙ্গে তিন ঘণ্টা মিটিং করলাম, উনি বললেন ডান। মানে আমাদের খেলোয়াড়দের আমাদের হাতে তুলে দেবে। কিন্তু তা করা হয়নি। এটা দুঃখজনক।’
খেলোয়াড়দের জন্য আট দিন অপেক্ষায় ছিলেন কাদের। বাফুফেকে নতুন করে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়ে কাল বললেন, ‘কালকের (আজ) মধ্যে আমার খেলোয়াড়দের ফিরিয়ে না দিলে কোনো খেলাই আমরা খেলতে পারব না। আমাদের ডিফেন্স লাইন টোটালি মাইনাস। দলে মাত্র সাত-আটটা প্লেয়ার আছে। আমরা অসহায়।’
আজকের মধ্যে খেলোয়াড়দের ফেরত চেয়ে তাঁর কণ্ঠে উদ্বেগ, ‘...নইলে আমরা কীভাবে খেলব জানি না।’ সমাধানও খুঁজলেন, ‘বল-বয়দের খেলাতে হবে। দরকার হলে সালাউদ্দিন-সালামকে জার্সি পরিয়ে নামাতে হবে।’