বাফুফেকে সহায়তা করবে কোরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক বেশ পুরোনো। দক্ষিণ কোরিয়ার সঙ্গে এবার ফুটবল-আত্মীয়তা বাড়িয়ে নিতে চায় বাংলাদেশ।
প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডির সঙ্গে কাল ঢাকায় প্রীতি ম্যাচ খেলেছে কোরিয়ার ক্লাব বুসান আইপার্ক। ম্যাচটি দেখতে ঢাকা এসেছেন কোরিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মং গাই চুং। এ সুযোগ কাজে লাগাতে কাল দুপুরে ফুটবল ভবনে মংয়ের সঙ্গে আলোচনায় বসেছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।
সেখানেই অনেক প্রতিশ্রুতি দিলেন মং। বাংলাদেশকে সহযোগিতা করতে তিনি বেশ আগ্রহী। সালাউদ্দিনের সঙ্গে আলোচনার পর সংবাদ সম্মেলনে সেটিই জানালেন, ‘প্রথমবার এখানে এসে আমি রোমাঞ্চিত। ব্যবসা-বাণিজ্যের মতো ফুটবলেও বাংলাদেশ ও কোরিয়ার সম্পর্ক অনেক দিনের। দুই দেশের ফুটবল-ঐতিহ্যও পুরোনো। এই সম্পর্ক আমরা এগিয়ে নিতে চাই। বাংলাদেশের ফুটবলে সব রকম সহায়তা দিতে আমি প্রস্তুত।’
আটটি বিশ্বকাপে খেলেছে কোরিয়া। জাপানের সঙ্গে যুগ্মভাবে বিশ্বকাপের স্বাগতিক হয়েছিল ২০০২ সাল। বিশ্বকাপের মতো বড় আয়োজনের অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে ভাগ করতে চাইলেন হুন্দাই ডেভেলপমেন্ট কোম্পানির চেয়ারম্যান মং। প্রতিশ্রুতি দিলেন বাংলাদেশকে কোচ দেওয়ার, ‘যেহেতু নতুন সভাপতি হয়েছি তাই বাংলাদেশকে কোচ দিয়ে এই বন্ধুত্বটা আরও গভীর করার ইচ্ছে আমার।’
শেখ জামালকে কোরিয়ায় খেলতে যাওয়ারও আমন্ত্রণ জানালেন, ‘শেখ জামাল সভাপতির সঙ্গে কথা হয়েছে আমার। তিনি কোরিয়ায় খেলার আগ্রহ দেখিয়েছেন। আমি কোরিয়ায় তাদের আমন্ত্রণ জানিয়েছি।’ বাংলাদেশ জাতীয় দল বনাম কোরিয়া জাতীয় দলের প্রীতি ম্যাচ আয়োজনেরও আশ্বাস দিলেন মং।
সালাউদ্দিন এতে বেশ উচ্ছ্বসিত, ‘কোচের ব্যাপারে ওদের টেকনিক্যাল সাহায্য নিতে চাই কারণ যুব ফুটবলে ওরা খুবই উন্নত। কোরিয়ান মস্তিষ্কটা আমাদের ফুটবলের জন্য কাজে লাগাব।’
জানুয়ারিতে দুই দেশের বর্ষপঞ্জি চূড়ান্ত হওয়ার পরই এই সহযোগিতা আলোর মুখ দেখবে।