পরশু দক্ষিণ কোরিয়া থেকে ফুটবল সহযোগিতার আশ্বাস পেয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। কাল জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সহসভাপতি এবং নির্বাহী সাধারণ সম্পাদক তাসিমা কোজোও দিলেন আশ্বাস। বাংলাদেশের ফুটবল উন্নয়নে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে অনেক প্রতিশ্রুতি দিয়েছেন জাপানের এই ফুটবল কর্তা।
এমনিতেই জাপানের সঙ্গে বাংলাদেশের ফুটবল সম্পর্ক বেশ উষ্ণ। সেই ধারাবাহিকতায় গত ডিসেম্বরে জাপান অলিম্পিক দল ঢাকায় এসে প্রীতি ম্যাচ খেলে গেছে বাংলাদেশ দলের সঙ্গে। এ ছাড়া জাতীয় মহিলা দলের জন্য সাফ চ্যাম্পিয়নশিপের আগে জাপানি কোচ নরিও সুকিতাতেকে পাঠিয়েছিল দেশটি।
এবার প্রীতি ম্যাচ খেলতে জাপান যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন এই কর্মকর্তা। কাল রাজধানীর সোনারগাঁও হোটেলে দ্বিপক্ষীয় বৈঠক শেষে কাজী সালাউদ্দিন জানালেন, ‘জাপানের সঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভালো সম্পর্ক আছে। তারা সব সময় আমাদের সহযোগিতা করছে। ভবিষ্যতে বাংলাদেশের ফুটবল উন্নয়নের জন্য আমরা দীর্ঘমেয়াদি আলোচনা করেছি। এরই ধারাবাহিকতায় আমরা সেখানে যেতে পারি, ওরাও আসতে পারে।’ এ ছাড়া সিলেট একাডেমির জন্য জাপানি কোচ চেয়েছেন সালাউদ্দিন, ‘ঘরোয়া ফুটবলের উন্নয়নের জন্য যাতে জাপানের একাডেমি ব্যবহার করতে পারি, সে ব্যাপারে অনুরোধ করেছি। পাশাপাশি সিলেট একাডেমির জন্য কোচ দিতেও অনুরোধও করেছি জাপানকে। এসব আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে আছে।’
আগামী মে মাসে এএফসির নির্বাচন। সেখানে সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবে জাপান। জানা গেছে, সেই নির্বাচনী প্রচারণার অংশ হিসেবেই তাসিমা কোজোর হঠাৎ ঢাকায় আসা। তবে কারণ যা-ই হোক না কেন, বাংলাদেশকে সহযোগিতা করতে জাপানের আগ্রহই তুলে ধরলেন তাসিমা, ‘আমাদের দুই দেশের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে। আমরা ভবিষ্যতে একসঙ্গে কাজ করতে চাই।’