বাফুফেকেই দুষলেন ডি ক্রুইফ

তখনো ভোরের আলো ফোটেনি। নতুন সকালের ডাক চারদিকে। ঠিক এমন সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই শুনলেন তাঁর সঙ্গে সম্পর্কচ্ছেদ করছে বাফুফে। লোডভিক ডি ক্রুইফ কেন, এটা যেকোনো পেশাদার কোচের জন্যই ধাক্কা খাওয়ার মতো ব্যাপার।
মাত্রই ১৬ ঘণ্টা আগে বাফুফে সভাপতি জানিয়ে দিয়েছিলেন, লোডভিক ডি ক্রুইফ ও তাঁর সহকারী রেনে কোস্টারকে বাংলাদেশের কোচ হিসেবে আর রাখা হবে না। গতকাল ভোরে সেই খবর সাংবাদিকদের কাছে প্রথম শুনে খানিকটা বিস্ময়ই প্রকাশ করলেন ডি ক্রুইফ, ‘আমি তো এ বিষয়ে কিছু জানি না। এখনই শুনলাম।’ শোনার কথাও নয়। সালাউদ্দিনের ঘোষণার সময় যে তিনি ঢাকামুখী বিমানে।
এরপর একে একে তাঁর বিরুদ্ধে বাফুফের তোলা নানা অভিযোগের জবাব দিয়েছেন। বিশেষ করে ১৬ মাসের মধ্যে ৭ মাসই হল্যান্ডে ছুটি কাটানো প্রসঙ্গটা পেল বাড়তি গুরুত্ব। ডি ক্রুইফ এ নিয়ে নিজে কোনো দায় নিতে রাজি হননি। বরং বাফুফেকেই তুলেছেন কাঠগড়ায়, ‘এভাবে ছুটি কাটানো আমার জন্য ছিল নতুন একটা ব্যাপার। তারা আমাকে যখন কাজ দেয়নি আমি দেশে গিয়েছি। আমার সব কাজের দায় তো বাফুফের।’
বিমানবন্দরে আরও কিছু কথা বলেছেন, পরে এই প্রতিবেদকের সঙ্গেও তাঁর কথা হয়। সব কথার সারমর্ম, অব্যাহতি পাওয়ার খবর সাংবাদিকের কাছ থেকে শোনা তাঁর জন্য হতাশার। ১৬ মাসের সময়কালে দায়িত্বে অনেক অবহেলা করেছেন, বাফুফের এমন অভিযোগ উড়িয়ে দিয়ে ফুটবল উন্নয়নে বাফুফের পরিকল্পনাহীনতাকেই বড় দেখিয়েছেন ডি ক্রুইফ, ‘আমি তো পরিকল্পনা দিয়েছিলাম তাদের। কিন্তু কোনো পরিকল্পনারই বাস্তবায়ন হয়নি।’ বাফুফের সাংগঠনিক দুর্বলতার কথাও ছিল এই ডাচ কোচের কণ্ঠে।
বাফুফে বলছে, যে স্বপ্ন নিয়ে ডি ক্রুইফকে আনা হয়েছিল, তা পূরণ হয়নি। বাংলাদেশের ফুটবলে সাফল্যের হাসি ফোটাতে পারেননি তিনি। সাফ ফুটবল থেকে বিদায় নিতে হয়েছে গ্রুপপর্বেই। প্রসঙ্গটা তুলতেই সাজিয়ে রাখা উত্তরটাই যেন দিলেন ডি ক্রুইফ, ‘এশিয়ান গেমসে আমরা সফল। দল ভালো খেলেছে। আফগানিস্তানকে হারিয়েছে। উজবেকিস্তানের সঙ্গে তিন গোলের হারে মন খারাপ করার কিছু নেই। হংকংয়ের সঙ্গে দারুণ খেলেও হেরে যাই। এই দলগুলো তো বাংলাদেশের চেয়ে শক্তিশালী। তা ছাড়া বয়সভিত্তিক দলও সাফল্য পেয়েছে।’
চার মাসের বকেয়া বেতন না পেলে বাংলাদেশে আর ফিরবেন না, হল্যান্ডে বসে কয়েক দিন আগে ডি ক্রুইফ নিয়েছিলেন এমন শক্ত অবস্থান। যেটি শেষ পর্যন্ত ইতি টেনে দিচ্ছে তাঁর বাংলাদেশ-অধ্যায়ে। প্রসঙ্গটা তাই অবধারিতভাবে এল, তবে এ নিয়ে বেশি কিছু বলতে চাইলেন না, ‘বেতন নিয়ে এখন কিছু বলব না। ফেডারেশন সভাপতি মিস্টার সালাউদ্দিনের সঙ্গে এ ব্যাপারে বসব।’
সেই বসা হয়তো আজই হতে পারে। এটা এখন শুধুই আনুষ্ঠানিকতা।