প্রস্তাবিত ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে কিছুদিন পরপরই নাটকীয় সব ঘোষণা দিচ্ছে বাফুফে।
বাংলাদেশে ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগ আয়োজনের কথা গত নভেম্বরে সাড়ম্বরেই জানিয়েছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। গুলশানে নিজ বাসভবনে সেদিন এ-ও ঘোষণা করেন, পাঁচ বছরে এই লিগের বাজেট ১০০ কোটি টাকা। তিনটি প্রতিষ্ঠান এটি যৌথভাবে আয়োজন করবে।
ভারতের সেলিব্রেটি ম্যানেজমেন্ট গ্রুপের নির্বাহী পরিচালক ভাস্বর গোস্বামী ও বাংলাদেশের সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিনের সঙ্গে বৈঠক করেই ঘোষণাটা দিয়েছিলেন সালাউদ্দিন। সেই ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে কাল হঠাৎ নতুন ঘোষণা দিল দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
বাংলাদেশ সুপার লিগ (বিএসএল) নামে এ প্রতিযোগিতার একক স্বত্ব কিনে নিয়েছে সাইফ পাওয়ারটেক। বাফুফের সিলেট একাডেমির পৃষ্ঠপোষক হিসেবে শোনা যাচ্ছে এই প্রতিষ্ঠানটির নাম। ওই আলোচনার মধ্যেই প্রতিষ্ঠানটি কাল বাফুফের সঙ্গে ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে সমঝোতা স্মারক সই করেছে। এবং সেটা স্থানীয় একটি হোটেলে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের উপস্থিতিতে।
সমঝোতা স্মারক ১৫ বছরের লম্বা সময়ের জন্য। বিএসএল সফল না ব্যর্থ হবে, সেটি না দেখে এখনই ১৫ বছরের সমঝোতার স্মারক সই করায় অনুষ্ঠানস্থলে অনেকে বিস্ময় প্রকাশ করছিলেন। তা ছাড়া বাফুফের কাছ থেকে ১৫ বছরে মাত্র ৩৫ কোটি টাকা দিয়ে এই স্বত্ব কিনেছে সাইফ পাওয়ারটেক। তার মানে বছরে গড়ে দুই কোটির কিছু বেশি। দুই কোটির চেয়ে বেশি টাকায় বিক্রি হতে পারে বাংলাদেশ প্রিমিয়ার লিগই। সে তুলনায় ফ্র্যাঞ্চাইজি লিগের টাকার অঙ্কটা যথেষ্ট কি না, প্রশ্ন করা হলে কাজী সালাউদ্দিন বললেন, ‘আমাদের তো আগে কেউ কোনো প্রস্তাব দেয়নি। আমরা সাইফ পাওয়ারটেক থেকে যে প্রস্তাব পেয়েছি, সেটাই গ্রহণ করেছি।’
ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনে প্রথম আগ্রহ দেখায় যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান ইউকে সকার লিগ। কিন্তু প্রতিষ্ঠানটি আর দৃশ্যপটে নেই। নতুন উদ্যোগে বাফুফে কতটুকু লাভবান হচ্ছে? সালাউদ্দিন ইতিবাচক হিসেবেই দেখছেন সব, ‘বাফুফে এখানে দু-তিনটি বিষয়ে লাভ দেখছে। প্রথমত, আর্থিকভাবে লাভবান হব। কারণ, ওরা আমাদের একটা লাইসেন্স ফি দেবে। দ্বিতীয়ত, টুর্নামেন্টের লাভ থেকেও একটা অংশ পাব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ঢাকার বাইরে হোম-অ্যাওয়ে ভিত্তিতে খেলা হবে, যা আমরা পেশাদার লিগে করতে পারিনি।’
গত নভেম্বরে দেওয়া ১০০ কোটি টাকার ঘোষণার প্রসঙ্গ তুলতেই কাজী সালাউদ্দিন বললেন, ‘আসলে ওই দিন আমাদের কারও সঙ্গে কোনো চুক্তি হয়নি। ওটা নিয়ে ভারতীয় কোম্পানির সঙ্গে শুধু আলোচনা হয়েছিল। আমাদের পূর্ণাঙ্গ প্রস্তাবটা দিয়েছে সাইফ পাওয়ারটেক।’ প্রথম লিগটা শুরু হওয়ার কথা আগামী নভেম্বরে।