ফেডারেশন কাপ দিয়ে ২২ ডিসেম্বর শুরু হবে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ওয়ালটন। সহযোগী পৃষ্ঠপোষক হিসেবে থাকছে প্রিমিয়ার ব্যাংক ও আইএফআইসি ব্যাংক। আজ তিনটি প্রতিষ্ঠানের সঙ্গেই চুক্তি স্বাক্ষর হয়েছে বাফুফের। বাফুফে ভবনে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাফুফের জ্যেষ্ঠ সহসভাপতি ও পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী ছাড়াও উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। টুর্নামেন্টের জন্য ৩০ লাখ টাকা দিচ্ছে ওয়ালটন।
ফেডারেশন কাপে অংশগ্রহণকারী ক্লাবগুলো ২ লাখ টাকা করে পাবে। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের জন্য পুরস্কার যথাক্রমে ৫ ও ৩ লাখ টাকা। প্রিমিয়ার লিগের ১৩টি দলই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের খেলা নিয়ে সংশয় থাকলেও সালাম মুর্শেদী আশাবাদী। ‘আমি মনে করি, মুক্তিযোদ্ধা ক্লাব অংশগ্রহণ করবে। খেলার ব্যাপারে আলোচনা চলছে এবং আলোচনায় অগ্রগতিও হয়েছে’—বলেছেন তিনি।
গত মাসে নেপালের বিপক্ষে বাংলাদেশ দল দুই ম্যাচের মুজিব বর্ষ সিরিজ খেললেও ফেডারেশন কাপই হতে যাচ্ছে করোনাকালে ঘরোয়া ফুটবলের প্রথম আসর। টুর্নামেন্ট শুরুর আগে খেলোয়াড় ও দলসংশ্লিষ্ট সবাইকে বাধ্যতামূলকভাবে করোনা পরীক্ষা করানোর নির্দেশনা দিয়েছে বাফুফে। সেমিফাইনালে ওঠা চার দলের দ্বিতীয় দফায় করোনা পরীক্ষা হবে। সীমিতসংখ্যক দর্শক গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন বলে জানিয়েছে বাফুফে।