বাফুফের উন্নয়ন পরিকল্পনার 'তৃতীয় ধাপ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ভুটান-বিপর্যয়ের পর কেটে গেছে দুই মাস। এই সময় দেশের ফুটবলের সঙ্গীন অবস্থা নিয়ে নানা মহলে হয়েছে কাঁটাছেড়া। খাদের কিনারা থেকে ফুটবলকে টেনে আনতে কার্যকর ব্যবস্থা নেওয়ার পরামর্শও এসেছে। ভুটানের কাছে এশিয়ান কাপের প্রাক-বাছাইয়ে ৩-১ গোলে হেরে যাওয়ার দুই মাস পর আগামী দিনগুলোর একটি কর্মপরিকল্পনা ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বাফুফে এই পরিকল্পনাকে বলছে, ফুটবল উন্নয়নের ‘তৃতীয় ধাপ’। গত আট বছরের কঠিন পরিশ্রমের ফসলই নাকি এই পরিকল্পনা। কাজী সালাউদ্দিন বাফুফের সভাপতি হিসেবে দায়িত্বে আছেন আট বছরেরও বেশি সময়। ২০০৮ সালের এপ্রিলে দায়িত্ব নেওয়ার পর বাফুফের দাবি অনুযায়ী তখন থেকে ২০১৬ সাল পর্যন্ত ফুটবল উন্নয়নের ‘প্রথম দুটি ধাপ’ সফলভাবে প্রণয়ন করে আজ ঘোষিত হলো তৃতীয় ধাপ।
খুব বৈপ্লবিক কিছু নেই ফুটবল উন্নয়নের ‘তৃতীয় ধাপে’। শিক্ষিত কোচ তৈরি, দেশব্যাপী প্রশিক্ষণের মাধ্যমে ভালো প্রতিভাবান খেলোয়াড় তুলে আনার কার্যক্রম, ক্লাবগুলোকে যুব ফুটবল দল তৈরিতে উদ্বুদ্ধ করা, জেলা পর্যায়ে ফুটবলটা নিয়মিত করা—এগুলোই আছে আজকের ঘোষিত উন্নয়ন পরিকল্পনায়।
বাফুফের টেকনিক্যাল ও স্ট্র্যাটিজিক ডিরেক্টর পল স্মলির উপস্থাপনায় উঠে আসা এই কর্মপরিকল্পনা বাফুফের আর দশটা ঘোষিত কর্মসূচির রূপ নেবে না বলেই প্রতিশ্রতি দিয়েছেন কাজী সালাউদ্দিন। এই কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়নের মধ্য দিয়ে তাঁর মেয়াদকালের বাকি সময়ে তিনি জাতীয় ফুটবল দলকে কমপক্ষে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপার লড়াইয়ে দেখতে চান বলে আশাবাদও প্রকাশ করেছেন।