বাফুফের একাডেমি উদ্বোধন ১৫ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক চড়াই-উৎরাই পেরিয়ে অবশেষে যাত্রা শুরুর অপেক্ষায় সিলেট ফুটবল একাডেমি। সব ঠিকঠাক থাকলে এটি উদ্বোধন হবে আগামী ১৫ নভেম্বর। ফিফার এ অঞ্চলের উন্নয়ন কর্মকর্তা সাজি প্রভাকরণ থাকবেন উদ্বোধনী অনুষ্ঠানে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সিলেটে থাকবেন ১৩ নভেম্বর। বাফুফে চাইছিল অর্থমন্ত্রীকে প্রধান অতিথি করে ওই দিনই উদ্বোধন করতে। কিন্তু সামগ্রিক প্রস্তুতির জন্য আরও এক সপ্তাহ সময় চাইছিলেন বাফুফের ডেভেলপমেন্ট কমিটির সভাপতি বাদল রায়। কিন্তু বেশি সময় পেছালে ফিফার কর্মকর্তাকে পাওয়া যাবে না, তাই ১৫ নভেম্বর ফিতা কাটা হবে বহু প্রতীক্ষিত এই একাডেমির। গতকালই চূড়ান্ত হয়েছে এই সময়সূচি।
বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানিয়েছেন, ‘আপাতত ৩০-৩৫ জন তরুণ খেলোয়াড় নিয়ে তোলা হবে একাডমিতে। মাঠ সংস্কার ও কিচেন তৈরির কাজই শুধু বাকি। ১৫ নভেম্বরের আগেই সব প্রস্তুত হয়ে যাবে।’
একাডেমির কোচ হিসেবে লোডভিক ডি ক্রুইফের সঙ্গে রেনে কোস্টারকে এনেছিল বাফুফে। কিন্তু একাডেমি সময়মতো প্রস্তুত না হওয়ায় কোস্টারকে জাতীয় দলের সহকারী কোচ হিসেবেই কাজে লাগিয়েছে বাফুফে। অবশেষে একাডেমি শুরু করতে সব বাধাই দূর। কিন্তু ডি ক্রুইফের সঙ্গে কোস্টারও বিদায় নিয়েছেন এরই মধ্যে। স্থানীয় কোচ দিয়েই তাই আপাতত একাডেমি শুরু করবে বাফুফে।