বাফুফের একাডেমি নিয়ে সেই অনিশ্চয়তাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেই অনিশ্চয়তার সুতাতেই ঝুলে থাকল বাফুফের ফুটবল একাডেমি। কাল ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে বাফুফে ও বাংলাদেশ সুপার লিগের (বিএসএল) যৌথ সভায় এ ব্যাপারে কোনো সুসংবাদ পায়নি বাফুফে। ২০১১ সালের ১৮ ডিসেম্বর পাঁচ বছরের জন্য সিলেট বিকেএসপি বরাদ্দ পায় বাফুফে। আসছে ডিসেম্বরে মেয়াদ শেষ হবে, বাফুফে এখন এটি ১৫ বছরের জন্য চাইছে।
কিন্তু এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো প্রতিশ্রুতি না পেয়ে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন হতাশার কথাই জানালেন, ‘১৫ বছরের জন্য একাডেমি চাই, নইলে কার্যকর ফল আসবে না। কিন্তু সংশ্লিষ্টদের কাছ থেকে সুনির্দিষ্ট কোনো আশ্বাস পাইনি। তাই আমি খুব একটা আশাবাদী হতে পারছি না।’
একটা আশা অবশ্য আছে। সে ক্ষেত্রে সিলেট বিকেএসপি ভাগাভাগি করতে হবে বাফুফেকে। সভায় উপস্থিত জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সচিব অশোক কুমারের কথায় তেমন আভাসই, ‘আলোচনায় আমি যা বুঝেছি, লম্বা সময়ের জন্য বাফুফে এটি চাইলেও বিকেএসপি তাদের ইভেন্টগুলোও ওখানে করতে চায়। বিষয়টা নির্ভর করছে বিকেএসপির পরিচালনা পর্ষদের ওপর।’
তা বিকেএসপির পরিচালনা পর্ষদের কী সিদ্ধান্ত? কালকের সভায় উপস্থিত বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামসুর রহমান সরাসরি অবশ্য কিছু বলেননি, ‘বাফুফে এককভাবে সিলেট বিকেএসপি ব্যবহার করবে, নাকি অন্য কিছুও চলবে, তা সরকারের সিদ্ধান্তের ব্যাপার। তবে বাফুফে ঠিক কী চায়, সে ব্যাপারে কোনো প্রস্তাব আমাদের কাছে আসেনি।’
সিলেট বিকেএসপি পাঁচ বছরের জন্য পেয়েও বাফুফে তা ব্যবহার করেছে মাত্র নয় মাস। ২০১৪ সালের ১৩ নভেম্বর পাঁচ মন্ত্রী নিয়ে সাড়ম্বর উদ্বোধনের পর গত বছরের আগস্টেই বন্ধ হয়ে যায় বাফুফের ‘স্বপ্নের একাডেমি’! ওই অবকাঠামো ব্যবহার বাবদ মাসে বিকেএসপিকে ৫০ হাজার টাকা দেওয়ার কথা বাফুফের। পাঁচ বছরে ৩০ লাখ টাকা বাকি পড়ছে, বাফুফে তা দিতে পারেনি। একাডেমির জন্য ফিফা সাত লাখ ডলার দিলেও সেই টাকা খরচ হয়েছে অন্য খাতে। এনএসসির সহায়তা নিয়ে অবকাঠামোর কিছু উন্নয়ন করে তবেই আলোর মুখ দেখে একাডেমি।
এখন এটি চালু করতে বেসরকারি উদ্যোক্তা পাশে পেয়েছে বাফুফে। সালাউদ্দিন বলছেন, ‘স্পনসরকে লম্বা সময়ের জন্য একাডেমি দিতে হবে। এ কারণেই সময়ের দিকটা এত গুরুত্বপূর্ণ। সিলেট বিকেএসপির ভাগাভাগি করতে চান না বলেও জানালেন। তাঁর যুক্তি, ‘ফুটবল ও অন্য খেলা একসঙ্গে চলতে পারে না। তাই আমরা এককভাবে এটি চাই।’
অবিশ্বাস্যই শোনাবে, নেপালে ফুটবলে পাঁচ-ছয়টি একাডেমি থাকলেও বাংলাদেশ একটি নিয়েই হিমশিম খাচ্ছে, যা বিরাট এক ‘যন্ত্রণার’ নামও! অবশ্য বাফুফের কর্মকর্তারা মনে করেন, একাডেমির দিকে ভালোভাবে নজর দেওয়া হয়নি। কোনো রকমে এটি চালু করা হয়েছে। এখন একমাত্র প্রধানমন্ত্রী চাইলে তবেই লম্বা সময়ের জন্য বরাদ্দ মিলতে পারে। বাফুফের সহসভাপতি বাদল রায়ের ভাষায়, ‘সরকারের শীর্ষ মহলই এখন ভরসা।’
ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক বাংলাদেশ সুপার লিগ আয়োজনে ঢাকার বাইরে আট-দশটি ভেন্যু সংস্কারে সহযোগিতার ব্যাপারে অবশ্য এরই মধ্যে সরকারের তরফ থেকে আশ্বাস মিলেছে।