বাফুফের একাডেমিতে অনেক সমস্যা
গত ১৩ নভেম্বর সিলেট বিকেএসপিতে যাত্রা শুরু করা বাফুফের স্বপ্নের একাডেমি ধুঁকছে। প্রয়োজনীয় অনেক কিছুরই অভাব সেখানে।
গ্যাস-সংযোগ না থাকায় প্রতিদিন কিনতে হচ্ছে ২৮০০ টাকার সিলিন্ডার গ্যাস। পানিতে শুধু আয়রন, খাওয়ার অনুপযোগী। একাডেমির ভেতরেই বাংলাদেশ সেনাবাহিনীর স্থাপিত একটা পানির পাম্প থেকে পানি নিতে হচ্ছে খেলোয়াড়দের।
দুটি মাঠের একটিতে পানি দেওয়ার ব্যবস্থা নেই। ফলে সেটি শক্ত, পুরোপুরি অনুশীলনের উপযোগী নয়। দৈনিক বাজার করতে হয় ১০ মাইল দূরে সিলেট শহরে গিয়ে। খেলোয়াড়দের স্কুলে ভর্তি করার প্রক্রিয়া চলছে, স্কুলে যাওয়া-আসার কোনো বাহন নেই।
পাঁচ কোচ যে ভবনে থাকেন, সেখানে একটি টিভি থাকলেও খেলোয়াড়দের জন্য কোনো টিভি নেই। টয়লেটের সংস্কার জরুরি। পানিশূন্য সুইমিংপুলে সাঁতার কাটা যায় না।
অনূর্ধ্ব-১৩ ও অনূর্ধ্ব-১৭ বিভাগে তোলা হয়েছিল ২০ জন করে ৪০ খেলোয়াড়। কিন্তু বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ২৮ জানুয়ারি একাডেমিতে গিয়ে ম্যাচ দেখতে চাইলেও খেলোয়াড়ের অভাবে ম্যাচ আয়োজন করা যায়নি। ম্যাচ খেলতে অন্তত ২৫ জন প্রয়োজন। স্থান সংকুলান না হওয়ায় আপাতত আর খেলোয়াড় নেওয়া যাচ্ছে না।
সিলেটে অবস্থানরত বাফুফের টেকনিক্যাল ডাইরেক্টর বায়েজিদ আলম জোবায়ের অবশ্য আশাবাদী যে ‘সমস্যাগুলোর দ্রুতই সব সমাধান হবে।’ অনূর্ধ্ব-১৩ বিভাগের দায়িত্বে থাকা কোচ গোলাম জিলানি ছেলেদের মধ্যে দেখছেন আশার আলো, ‘অনূর্ধ্ব-১৩ বিভাগে তাত্ত্বিক ক্লাসই বেশি হচ্ছে এখন। সাধারণ বিষয়গুলোর ওপরই জোর দিচ্ছি। ছেলেরা ভালোভাবেই সব শেখার চেষ্টা করছে।’