বাফুফের কাঠগড়ায় ২৩ জেলা
জেলা ফুটবল লিগ নিয়মিত করার লক্ষ্যে বছর দুয়েক আগে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনকে (ডিএফএ) এক লাখ করে টাকা দিয়েছিল বাফুফে। কিন্তু তা সত্ত্বেও ২০১৩ সালে ৬৪টি জেলার ২৩টিতেই লিগই হয়নি!
আর্থিক অনুদান দেওয়ার পরও লিগ না হওয়ায় বাফুফে মনে করে ওই ২৩ জেলা তাদের কর্মসূচির সঙ্গে একাত্মÄনয়। জেলাগুলো হচ্ছে শেরপুর, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, গাজীপুর, রাজশাহী, সিরাজগঞ্জ, পঞ্চগড়, রংপুর, হবিগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, বাগেরহাট, চুয়াডাঙ্গা, খুলনা, মেহেরপুর, ঝালকাঠি, পিরোজপুর, বান্দরবান, চাঁদপুর, চট্টগ্রাম, কুমিল্লা, খাগড়াছড়ি ও লক্ষ্মীপুর।
লিগ না করায় এই জেলাগুলোকে সতর্ক করবে বাফুফে। ২৮ সেপ্টেম্বর ৬৪টি ডিএফএকে নিয়ে ঢাকায় সভা করবে বাফুফের জেলা ফুটবল লিগ কমিটি। সেখানেই লিগ আয়োজনে ব্যর্থ জেলাগুলোর কাছে জবাবদিহি চাইবেন কর্তারা। সভায় ক্রীড়াপ্রতিমন্ত্রী বীরেন শিকদার ও উপমন্ত্রী আরিফ খান জয়ের উপস্থিত থাকার কথা।
বাফুফের জেলা ফুটবল লিগ কমিটির প্রধান মনজুর কাদের হেলিকপ্টারে চড়ে কয়েকটি জেলা লিগ উদ্বোধন করেছেন। সেই তিনিই হতাশা নিয়ে বলছেন, ‘আমরা জেলা লিগ নিয়ে আরও সক্রিয় হতে চাই। কিন্তু সমস্যা অনেক। জেলা লিগ কমিটির পক্ষ থেকে পৃষ্ঠপোষক এনে টাকা দেওয়ার পরও অনেক জেলা লিগ করেনি। এটা খুবই হতাশাজনক।’
বাফুফে জানিয়েছে, জেলা লিগ নিয়মিত আয়োজন করতে কেন্দ্র থেকে আরও উদ্যোগ নেওয়ার পরিকল্পনা চলছে। লিগ আয়োজন করা অনেক জেলাকে এরই মধ্যে বাড়তি অনুদানও দেওয়া হয়েছে। ডিএফএর অফিস খরচ বাবদ ৫০ হাজার টাকাও এর আগে দিয়েছিল বাফুফে।
টাকার পরিমাণ হয়তো কম, তার পরও জেলাগুলোর নিজস্ব উদ্যোগই বেশি জরুরি মনে করছে বাফুফে। কিন্তু টাকা পেয়েও অনেক ডিএফএ লিগের মতো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা আয়োজনে ব্যর্থ হচ্ছে। এটি ফুটবলের জন্য অশুভ ইঙ্গিতই।