বাফুফের নির্বাচনে উৎসব ছাপিয়ে শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
র‍্যাডিসন হোটেলে বাফুফে নির্বাচনকে ঘিরে কাউন্সিলরদের আনাগোনা। ছবি: শামসুল হক।
র‍্যাডিসন হোটেলে বাফুফে নির্বাচনকে ঘিরে কাউন্সিলরদের আনাগোনা। ছবি: শামসুল হক।

নিজের নির্বাচনী পরিষদ নিয়ে কাজী সালাউদ্দিন সবার আগে এজিএম (বার্ষিক সাধারণ সভা) কক্ষে ঢুকেছেন। একটু পর ঢুকলেন বাঁচাও ফুটবল পরিষদের সভাপতি প্রার্থী কামরুল আশরাফ খান। সঙ্গী শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি মনজুর কাদেরসহ অনেকেই।
রাজধানীর অভিজাত হোটেল র‌্যাডিসন ব্লুতে ঢোকার মুখেই দেখা গেল একদল পুলিশ। হোটেলের লবি, করিডরে ছোট ছোট জটলা। অনেক অচেনা মুখের আনাগোনা, ক্রীড়াঙ্গনে যাঁদের কখনোই দেখা যায় না। এঁরা বিভিন্ন প্রার্থীর ছবিসংবলিত কার্ড গলায় ঝুলিয়ে ঘোরাফেরা করছেন। যা দেখে কাউন্সিলদের অনেকেরই মনে শঙ্কা, উৎসবমুখর পরিবেশ না আবার গোলমালে রূপ নেয়!
একই কপালে চিন্তার ভাঁজ নিয়ে প্রার্থীরা এখানে–সেখানে দাঁড়িয়ে ভোটের হিসাব কষছেন। নির্বাচনের দুই সভাপতি প্রার্থীর সমর্থকেরা এসে কাউন্সিলরদের মন গলানোর চেষ্টা করছেন। শেষ মুহূর্তে প্রার্থীরাও নিজেদের উৎকণ্ঠা চেপে রেখে কাউন্সিলরদের সঙ্গে হাসিমুখে কথা বলছেন। নির্বাচন পর্যবেক্ষক হিসেবে আসা এএফসির প্রতিনিধি সিন মুন ইয়ংকেও দেখা গেল নির্বাচন প্রাঙ্গণে।

বেলা ১১টায় শুরু হওয়ার কথা থাকলেও আধা ঘণ্টা পরে শুরু হয়েছে বাফুফের এজিএম। এটি শেষ হওয়ার পর বেলা দুইটায় শুরু হবে ভোট গ্রহণ। সাবেক ফুটবলার সাইফুর রহমান মনি এবার সদস্য পদে ভোটে দাঁড়িয়েছেন। তাঁর পক্ষে ভোট প্রার্থনা করছেন জাতীয় দলের আরেক সাবেক স্ট্রাইকার রোকনুজ্জামান কাঞ্চন। ফুটবলের সেই বহুল পরিচিত মনি-কাঞ্চন জুটি এবার ভোটের মাঠে। আজ সকালে কাঞ্চন বলছিলেন, ‘এটা যেন ভোটার ও ফুটবলারদের মিলনমেলা। প্রার্থীরা যাঁর যাঁর প্রচারণায় ব্যস্ত। আমরা দুজন বন্ধু। ফকিরেরপুল থেকে শুরু করে মুক্তিযোদ্ধা হয়ে জাতীয় দলে খেলেছি। আমি চাই যেন ফুটবল ফেডারেশনের নির্বাচনে জিততে পারে আমার বন্ধু। শুধু মনিই নয়, আমি চাই ফুটবলের যাঁরা প্রকৃত উন্নতি চান, তাঁরাই যেন দলমত-নির্বিশেষে একজন ভালো মানুষকে ভোট দেন। একটা সুষ্ঠু নির্বাচন হোক।’
কাউন্সিলরদের বেশির ভাগই গতকাল শুক্রবার থেকে র‌্যাডিসন হোটেলে উঠেছেন। নির্বাচন কেন্দ্রের আশপাশে জোর গুঞ্জন, কাউন্সিলরদের অনেককেই নাকি গত রাতে হুমকিধমকি দিয়েছে একটি মহল। ছড়ানো হচ্ছে নানা ধরনের গুজব। যদিও এসব নিয়ে কেউ মুখ খুলতে চাইলেন না। অভিযোগগুলো তাই উড়ে বেড়াচ্ছে হাওয়াতেই!
গোটা পরিবেশেই যেন জাতীয় নির্বাচনের আবহ!