বাফুফের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল খেলার পাতায় ‘সংবর্ধনায় নেই কোচ!’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। প্রতিবাদপত্রে সংবাদটিকে ‘উদ্দেশ্যমূলক’ দাবি করে বলা হয়েছে, এটি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার প্রয়াস এবং এতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ জাতীয় ফুটবল দলের ওপর বিরূপ প্রভাব পড়বে। এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা জাতীয় ফুটবল দলের প্রশিক্ষক গোলাম রব্বানী ছোটন ও মাহাবুবুর রহমান লিটুও এই সংবাদকে ‘সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন’ বলে এর তীব্র প্রতিবাদ করেছেন বলে জানানো হয়েছে। প্রতিবেদনটিকে বিদ্বেষপূর্ণ বলেও অভিযোগ করা হয়েছে।
প্রতিবেদকের বক্তব্য: পরশু সাফের রানার্সআপ বাংলাদেশ মহিলা দলকে দেওয়া এনভয় গ্রুপের সংবর্ধনা অনুষ্ঠানে দুই কোচের কেউই উপস্থিত ছিলেন না। এ ব্যাপারে খোঁজ করতে গিয়েই তাঁদের ক্ষুব্ধ হয়ে দল ছাড়ার ঘটনার কথা জানতে পারেন প্রতিবেদক। এ ব্যাপারে নানা সূত্রে আরও খোঁজখবর করে নিশ্চিত হওয়ার পরই সংবাদটি ছাপা হয়। প্রথম আলো এটাও জানিয়ে দিতে চায়, ‘উদ্দেশ্যমূলক’ ও ‘বিদ্বেষপূর্ণ’ শব্দগুলোর এমন ঢালাও ব্যবহার কোনোমতেই কাম্য নয়। মেয়েদের ফুটবলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার তো প্রশ্নই আসে না, বরং মেয়েদের ফুটবলকে আরও এগিয়ে নেওয়ার চেষ্টাই সব সময় করে এসেছে প্রথম আলো।