ফিফার সভাপতি নির্বাচন নিয়ে এখন ফুটবল-বিশ্বে চলছে সরব আলোচনা। এরই মধ্যে প্রার্থিতা ঘোষণা করেছেন উয়েফা সভাপতি মিশেল প্লাতিনি। সাড়াও পাচ্ছেন ভালো। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) যেমন ফরাসি তারকাকে সমর্থন দেওয়ার কথা জানিয়ে দিয়েছে। ভোটযুদ্ধে প্রকাশ্যে-অপ্রকাশ্যে আরও অনেক আশ্বাস পাচ্ছেন। নিজে যোগাযোগ করছেন, ভোট চাইছেন।
বাংলাদেশই বা বাদ যাবে কেন? ফুটবল মানচিত্রে বাংলাদেশ একটা ছোট বিন্দু হতে পারে, কিন্তু ভোটের মূল্য তো কম নয়। প্লাতিনি তো একফাঁকে ভোটও চেয়ে ফেলেছেন বাংলাদেশের কাছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের কাছে ই-মেইল পাঠিয়েছেন, তাতে লিখেছেন ফিফার সভাপতি পদে নির্বাচনে বাংলাদেশকে পাশে চান। সালাউদ্দিন উত্তর দিতে দেরি করেননি। ফিরতি ই-মেইল পেয়ে প্লাতিনি আরেকটি মেইল করেছেন।
সালাউদ্দিন বিষয়টা নিয়ে খুবই উৎফুল্ল। তবে তা প্লাতিনি ভোট চেয়েছেন বলে নয়, ভোটের সময় সবাই সমর্থন চায়। কিন্তু প্লাতিনির ই-মেইলের একটা অংশ সালাউদ্দিনের মন কেড়েছে বেশি, ‘তিনি আমাকে লিখেছেন, আমরা একই সময়ের ফুটবলার। তবে দুর্ভাগ্যজনকভাবে একে অন্যের সঙ্গে খেলতে পারিনি।’ শুধু তা-ই নয়, মনোনয়নপত্রে পাঁচটি দেশের সমর্থন দেখাতে হয়, নিজের মনোনয়নপত্রে সেই পাঁচ দেশের একটি হতে বাংলাদেশকে অনুরোধ করেছেন প্লাতিনি।
সমর্থনের প্রশ্নে সালাউদ্দিন প্রকাশ্যে কিছু বলতে রাজি নন। কারণ আন্তর্জাতিকভাবে বাংলাদেশ এখনো ওই অবস্থানে যায়নি যে, আগেই প্রকাশ্যে কারও পক্ষ নিয়ে নেবে। সমর্থিত প্রার্থী বিজয়ী হতে না পারলে পরে সমস্যা হতে পারে।
তবে ভেতরে ভেতরে সব দেশই একটা পক্ষ নেয়। সালাউদ্দিনের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, প্লাতিনিকেই সমর্থন দেবে বাংলাদেশ। তাঁকে সেই আশ্বাসও দেওয়া হয়েছে। প্লাতিনির পক্ষে যাওয়ার যুক্তিটা হলো, এখন পর্যন্ত ভোটের হাওয়া তাঁর দিকেই মনে হচ্ছে। ব্রাজিলিয়ান কিংবদন্তি জিকো সভাপতি পদে নির্বাচন করবেন, দক্ষিণ কোরিয়ার প্রভাবশালী কর্মকর্তা চুং মুন-জুনও আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনে প্রার্থী হতে পারেন। তবে এএফসি প্লাতিনির দিকে ঝুঁকে পড়ায় স্রোতের বাইরে যেতে চায় না বাংলাদেশ।
এত দিন বাংলাদেশ ছিল সেপ ব্ল্যাটারের কট্টর সমর্থক। ফুটবলের তৃতীয় বিশ্বে ব্ল্যাটারের সমর্থন ছিল অনেক বেশি। সেই ব্ল্যাটার-বিরোধীদের একজন প্লাতিনি। এখন তাঁর দিকে ঝুঁকে পড়ার ব্যাখ্যায় নাম প্রকাশ না করার শর্তে বাফুফের এক নীতিনির্ধারক বললেন, ‘বৈশ্বিক ফুটবলের চলমান হাওয়ার সঙ্গে তাল মিলিয়েই চলতে হবে আমাদের।’