বাফুফের হাস্যকর ও উদ্ভট কাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

প্রথম প্লে-অফটি খেলতে দুই দল মাঠে না আসায় স্বয়ংক্রিয়ভাবেই শাস্তি পেয়ে যাওয়ার কথা উত্তর বারিধারা ও ফেনী সকারের। অথচ হাস্যকর ও উদ্ভট কাণ্ড করে গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে দ্বিতীয় প্লে-অফের আয়োজন রাখে বাফুফে! ৪ জানুয়ারি প্রথম প্লে-অফের মতো এদিনও মাঠে রেফারি গেছেন, ম্যাচ কমিশনার ছিলেন। স্কোরার ছিলেন। ভাবটা এমন, দুই দল খেলতে এলে বাফুফে তাদের আদর-যত্ন করে খেলাবে!

কিন্তু প্রিমিয়ার লিগ থেকে অবনমনের প্রশ্নে বারিধারা ও ফেনী সকার প্রথম প্লে-অফ খেলতে না আসাতেই ‘মামলার রায়’ হয়ে গেছে। খেলতে অস্বীকৃতি জানানোর পরিষ্কার শাস্তি অবনমন। এখানে দ্বিতীয় চিন্তার কোনো সুযোগই নেই। আরও বেশি শাস্তি হবে কি না সেটিই বরং দেখার। কিন্তু শাস্তি দেওয়ার পথে না এগিয়ে বাফুফে উল্টো গতকাল দ্বিতীয় প্লে-অফের আয়োজন রেখেছে!

দল দুটি কাল সত্যি সত্যি খেললে কি দায়মুক্ত হয়ে যেত? অথবা একটি দল খেলতে এলে? এসব প্রশ্নের কোনো উত্তর নেই। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ ম্যাচ আয়োজনের পক্ষে যুক্তি দিয়ে বলেছেন, ‘আমরা আনুষ্ঠানিকতা সারার জন্যই এই আয়োজন রেখেছিলাম।’ এখানে আনুষ্ঠানিকতা সারার কী আছে সেটাই কারও মাথায় ঢুকছে না।

আরও হাস্যকর কাণ্ড, বাফুফে দল দুটিকে কারণ দর্শানো নোটিশ দিয়ে জানতে চেয়েছে, প্রথম প্লে-অফ তারা কেন খেলেনি? অথচ দল দুটি আগেই বলে দিয়েছে তারা প্লে-অফ খেলবে না। যারা নিজেরাই কারণ জানিয়ে দিয়েছে, তাদের কাছে কারণ জানতে চাওয়া নতজানু এক বাফুফেকেই তুলে ধরে। অতীতে দলগুলোর অন্যায় আবদারকে বাফুফে প্রশ্রয় দিতে দিতেই আসলে আজকের এ অবস্থা!

খোদ লিগ কমিটির ডেপুটি চেয়ারম্যান আবদুর রহিম পর্যন্ত কোনো যুক্তি ছাড়াই প্লে-অফের আয়োজন দেখে বিস্মিত, ‌‘প্রথম ম্যাচ তারা খেলেনি। তাদের তো দ্বিতীয় ম্যাচ খেলার সুযোগই নেই। তার ওপর দ্বিতীয় ম্যাচ আয়োজন কেন করা হলো, আমি জানি না। আমাকে কিছু জানানো হয়নি।’

মাঠে থাকা ম্যাচ কমিশনার ইব্রাহিম নেসারের তো আইন-কানুন জানার কথা। এ ম্যাচ আয়োজনের প্রয়োজন ছিল কি না, এটি জানতে চাইলে তিনি বলেন,‌ ‘মাঠের দায়িত্ব দিয়েছে ফেডারেশন, দায়িত্ব পালন করতেই এসেছি।’

ওদিকে বাফুফে ভবনে বসে ম্যাচটি আয়োজনের কথা শুনে বিস্মিত বাফুফের সহসভাপতি বাদল রায়, ‘আগের ম্যাচেই তো সব মীমাংসা হয়ে গেছে। তাই এ ম্যাচে দুই দল খেললে নতুন জটিলতা তৈরি হতো। বাইলজে তো বলাই আছে, কোনো দল খেলতে অস্বীকৃতি জানালে নিচের লিগে চলে যাবে। এটা কি ফেডারেশনের কেউ জানে না?’