সদ্য সাবেক এক ফুটবলার বাফুফে ভবনের সামনে বিরাট এক ব্যানার টানিয়েছেন। নিজের গুণাবলির নানা বর্ণনা দিয়ে নির্বাচনী প্রচারণায় নেমেছেন তিনি। কাল তাঁর সঙ্গে বাফুফে ভবনে দেখা হতেই বললেন, ‘দোয়া করবেন, ভাইস প্রেসিডেন্ট পদে দাঁড়ানোর চিন্তা করছি।’
বাফুফের নির্বাচনে প্রার্থী হতে ভোটার হওয়া আবশ্যক নয়, তাই চাইলেই যে কেউ প্রার্থী হতে পারেন। এই নিয়ম গতবার প্রথম চালু হয় এবং সেটির সুযোগ নিয়ে অনেকেই ছুটে এসেছেন নির্বাচনী মাঠে। এবারও নিয়মটা বহাল থাকায় নির্বাচনে প্রার্থী হতে পারেন অনেকেই, যাঁদের হয়তো গত চার বছর ফুটবলে সেভাবে দেখাই যায়নি। তা ছাড়া বয়সের ও অভিজ্ঞতার কোনো বিষয় না থাকায় সহসভাপতি পদে চোখ রাখছেন নবীন প্রার্থীরাও।
গতবার সহসভাপতি পদে তরুণ দুজন প্রার্থী জিতেও গেছেন। কয়েকজন অভিজ্ঞ সংগঠক বিদায় নিয়েছেন তাঁদের কাছে হেরে। এবার কী হবে ৩০ এপ্রিল নির্বাচন শেষে মিলবে উত্তর। তবে নির্বাচন ঘিরে ফুটবলে কাদা ছোড়াছুড়ি যে স্তরে পৌঁছেছে, ফুটবলের জন্য তা বাজে বিজ্ঞাপন। কাজী সালাউদ্দিনের নেতৃত্বাধীন বর্তমান কমিটিকে চ্যালেঞ্জ ছুড়েছেন ক্ষমতার বাইরে থাকা সংগঠক-খেলোয়াড়েরা। বিরোধী পক্ষ বর্তমান কমিটির বিরুদ্ধে ব্যর্থতার পাশাপাশি আর্থিক অনিয়মের অভিযোগ এনে নির্বাচনী মাঠে উত্তাপ ছড়াতে চাইছে।
পাল্টা সংবাদ সম্মেলন ডেকে আট বছর ধরে বাফুফের সভাপতি পদে থাকা কাজী সালাউদ্দিন সেটির জবাব দিয়েছেন। গোটা ফুটবলই এখন এসব আলোচনায় ডুবে আছে। সালাউদ্দিনকে সরাতে মরিয়া একটা পক্ষ, সালাউদ্দিনও তৃতীয় মেয়াদে নির্বাচিত হতে সর্বশক্তি নিয়োগ করেছেন। একটা যুদ্ধের আবহ মিলছে বাফুফের আকাশে-বাতাসে।
অনেকে বলছেন, ফুটবলের ভবিষ্যৎ নির্ভর করছে ভোটারদের হাতেই। যদিও গতবার টাকার বিনিময়ের ভোট কেনাবেচার অভিযোগ ছিল অনেক। এবারও টাকার গন্ধ পাওয়া যাচ্ছে এবং প্রার্থীদের যাবতীয় মনোযোগ এখন ভোটারদের দিকে।
এই নির্বাচনের ভাগ্য নির্ধারণ করবেন ১৩৪ জন ভোটার। তবে আপত্তি উঠলে যাচাই-বাছাই শেষে একটি-দুটি নাম হয়তো কমতে পারে। তবে এখন পর্যন্ত ১৩৪ জন ভোটারই চূড়ান্ত। ভোটার তালিকা অনুমোদন করতে বাফুফে নির্বাহী কমিটির জরুরি সভায় বসে কাল। পাঁচ ঘণ্টার দীর্ঘ সভা শেষে জানানো হয়, ১৩৪ ভোটারের মধ্যে জেলার সংখ্যা ৬১। নানা কারণে কিশোরগঞ্জ, দিনাজপুর ও গাইবান্ধা ভোটার হতে পারেনি। ভোটার হয়নি রংপুর বিভাগও। গতবার ভোটার ছিল ১২২। যোগ হওয়া ১২ ভোটের ১০টিই চ্যাম্পিয়নশিপ লিগের ক্লাবের।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকেও ভোটার ১০টি ক্লাব। প্রথম বিভাগ ১৩, দ্বিতীয় বিভাগ ১০, তৃতীয় বিভাগ ৮, বিশ্ববিদ্যালয় ৬, শিক্ষা বোর্ড ৫ এবং কোচেস অ্যাসোসিয়েশন, রেফারিজ অ্যাসোসিয়েশন ও মহিলা ক্রীড়া সংস্থা ১টি করে ভোটের মালিক।
নির্বাচনে অবাধ প্রার্থিতা ঠেকাতে মনোনয়নপত্রের দাম বাড়ানো হয়েছে কয়েক গুণ। গতবার সব পদেই মনোনয়নপত্রের মূল্য ছিল ৫ হাজার টাকা। এবার সভাপতি পদে মনোনয়নপত্র কিনতে হবে ১ লাখ টাকায়। জ্যেষ্ঠ সহসভাপতি ৭৫ হাজার, সহসভাপতি ৫০ হাজার। সদস্যপদে মনোনয়নপত্র ২৫ হাজার টাকা।