
গত মৌসুমের তিন অধিনায়কই দল ছেড়ে গেছেন জুলাইয়ে। সার্জিও আগুজা ও ডেরিক ওসেদে ইংল্যান্ডে, আর ডিয়েগো লরেন্তে ধারে খেলতে গেছেন প্রতিবেশী ক্লাব রায়ো ভায়েকানোতে। নতুন মৌসুমে রিয়াল মাদ্রিদ কাস্তিয়ার (রিয়ালের দ্বিতীয় দল) অধিনায়ক কে হবেন, এ নিয়ে কিছুটা দ্বিধায়ই পড়ে গিয়েছিলেন কোচ জিনেদিন জিদান। সমাধান খুঁজে পেলেন নিজের ঘরেই। বড় ছেলে এনজো জিদানকেই করে দিলেন নতুন মৌসুমে কাস্তিয়ার অধিনায়ক।
গত মৌসুমে আটটি ম্যাচে খেললেও কাস্তিয়ায় পাকাপাকিভাবে ‘পদোন্নতি’ এই মৌসুমেই। এসেই অধিনায়ক! রিয়ালের একাডেমিতে বিভিন্ন দলে খেলছেন ১০ মৌসুম ধরে। গত মৌসুমে মূলত ছিলেন রিয়াল মাদ্রিদ ‘সি’ দলে। যেখানে ২৬ ম্যাচে ৪ গোল মিডফিল্ডার এনজোর।
খেলেন প্লে-মেকার হিসেবে। সঙ্গে বলের নিয়ন্ত্রণ, সৃষ্টিশীলতা, খেলাটিকে বুঝে নেওয়ার ক্ষমতা—২০ বছরের এনজো যেন ঠিক বাবার ছাঁচেই গড়া। কাস্তিয়ার দায়িত্ব নেওয়ার দ্বিতীয় মৌসুমে নিজের চিন্তাভাবনা খেলোয়াড়দের মাঝে পৌঁছে দিতে এর চেয়ে ভালো ‘সেনাপতি’ আর কোথায় পেতেন জিজু!
বাবা-ছেলের যুগলবন্দীতে কাস্তিয়ায় সৃষ্টিশীলতার নতুন উচ্ছ্বাস আশা করতেই পারে রিয়াল সমর্থকেরা। গোলডটকম।