বাবা কোচ, ছেলে ফুটবলার

এটা জিনগত নাকি প্রকৃতির সযত্নে লালন করা বিস্ময় কে জানে। বেশির ভাগ ফুটবলার বাবাই তাঁর সন্তানের পায়ের নড়াচড়া দেখেই নাকি বুঝতে পারেন, ‘আমার ছেলে ফুটবলার হতে চলেছে!’ স্বাভাবিকভাবেই ফুটবলার বাবা তাঁর ছোট্ট শিশুকে পুরোপুরি সময় দিতে পারেন না। তাই হয়তো অবসরে ছেলের সঙ্গে খুনসুটি করেন, ‘আমাকে কাটিয়ে গোল দিতে পারলে তোমার জন্য ক্যাডবেরি চকলেট!’ ছোটবেলার সেই ‘কোচিং’কে পরবর্তী সময়ে টেনে আনার উদাহরণ খুব বেশি একটা নেই আন্তর্জাতিক ফুটবলে। সর্বশেষ উদাহরণ জিনেদিন জিদান-পুত্র এনজো। বাপ কা বেটা হতে পারবেন কি না এনজো, তা সময়ই বলে দেবে। তবে গত রোববার এনজোর অভিষেক হয়ে গেল রিয়াল মাদ্রিদের ‘বি’ দল কাস্তিয়ায় জিজুর অধীনেই! চলুন দেখে নেওয়া যাক, এ রকম আরও কয়েকটি উদাহরণ। মার্কা।

দুই ক্রুইফ
খেলোয়াড় হিসেবেই পা রাখা ন্যু ক্যাম্পে। তাই বার্সেলোনার কোচ হিসেবে যখন ডাক পেলেন ইয়োহান ক্রুইফ, দ্বিতীয়বার আর ভাবেননি। বার্সায় তাঁর কোচিং ক্যারিয়ার শেষ হওয়ার কয়েক মৌসুম আগে ছেলে জর্ডি ক্রুইফকে বার্সার মূল দলে সুযোগ দেন বাবা। ১৯৯৪ সালের ৪ সেপ্টেম্বর স্প্যানিশ লিগে অভিষেক হয় জুনিয়র ক্রুইফের। শুরুটা ভালো হলেও বাবার বার্সেলোনার কোচিং-অধ্যায় শেষ হওয়ার পর বেশি দিন আর বার্সায় টিকতে পারেননি জর্ডি।

দুই মালদিনি
বাবার অধীনে খেলা বিখ্যাত সন্তানদের মধ্যে আরেকটি নাম পাওলো মালদিনি। বাবা সিজাের মালদিনি এসি মিলানের হয়ে খেলোয়াড়ি জীবনে অনন্যপ্রতিভার স্বাক্ষর রেখেছেন। কোচিং ক্যারিয়ারও বেশ সমৃদ্ধ ছিল তাঁর। ইতালির অনূর্ধ্ব-২১ জাতীয় দলের দায়িত্ব পালনকালে দলে ডাক পান জুনিয়র মালদিনি। তখন চারদিক থেকে ধেয়ে আসতে থাকে সমালোচনা, সিজাের মালদিনি নাকি স্বজনপ্রীতি করেছেন! ওই সময় যাঁরা সিনিয়র মালদিনির সমালোচনা করেছিলেন, তাঁরা কি জানতেন একদিন পাওলো মালদিনি ছাপিয়ে যাবেন তাঁর বাবাকেও?
আন্তর্জাতিক
ক্লাব ফুটবলের মতো আন্তর্জাতিক ফুটবলেও কয়েকবার বাবা-ছেলের জুটি দেখেছে ফুটবল-বিশ্ব। বাবা জ্লাতকো ক্রাঞ্চারের অধীনে ক্রোয়েশিয়ার জাতীয় দলে খেলেছেন নিকো ক্রাঞ্চার। সার্বিয়া দলে কুইন পার্ক রেঞ্জার্স মিডফিল্ডার দেয়ান পেতকোভিচ খেলেছেন ভ্লাদিমির পেতকোভিচের কোচিংয়ে। নরউইচ মিডফিল্ডার ব্র্যাডলি জনসন যুক্তরাষ্ট্র দলে খেলেছেন বব ব্র্যাডলির অধীনে।