বাবা খেলেছেন বাতিস্তুতার দলে, মেসির সঙ্গী হবেন ছেলে
গতকাল বিশ্বকাপ বাছাইপর্বের দুই ম্যাচের জন্য প্রাথমিক দল দিয়েছেন লিওনেল স্কালোনি। সে দলে সবাই যে লিওনেল মেসি, আনহেল দি মারিয়ার মতো মহাতারকা, এমন নয়। বিশ্বকাপ নিশ্চিত হয়ে যাওয়ায় নতুন খেলোয়াড়দের একটু যাচাই করে দেখতে চাইছেন কোচ। এ কারণেই প্রাথমিক দলে ডাক পেয়েছেন ৪৪ জন। সে দলে ঘরোয়া লিগ ও ইউরোপিয়ান লিগের অনেকেই ডাক পেয়েছেন। তাঁদের মধ্যে একটি নাম চমকে দিয়েছে অনেককে, নিকোলাস পাজ।
পাজের পাশে লেখা দলের নামটাই চমকের কারণ, রিয়াল মাদ্রিদ! স্প্যানিশ পরাশক্তিদের হয়ে অনেক আর্জেন্টাইনই আলো ছড়িয়েছেন। ক্লাব কিংবদন্তি ও ক্লাব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় আলফ্রেডো ডি স্টেফানোই তো আর্জেন্টাইন। এই শতাব্দীর শুরুতে ফার্নান্দো রেদোন্দো, সান্তিয়াগো সোলারি, হাভিয়ের সাভিওলা, গ্যাব্রিয়েল হেইঞ্জ, ফার্নান্দো গাগোরা ছিলেন। রিয়ালের দ্বিতীয় তারকাপুঞ্জে ছিলেন গঞ্জালো হিগুয়েইন ও আনহেল দি মারিয়া। তাঁরাই শেষ।
২০১৪ সালে দি মারিয়ার বিদায়ের পর রিয়ালের মূল একাদশে কোনো আর্জেন্টাইনকে নিয়মিত দেখা যায়নি। কোপা দেল রেতে দুই ম্যাচ খেলে রিয়াল মাদ্রিদ ক্যারিয়ার শেষ করেছেন একাডেমির ফ্রাঞ্চু। তাহলে আর্জেন্টিনা দলে ডাক পাওয়া এই নিকো পাজ কে?
এদিক থেকেই চমকে দিয়েছেন স্কালোনি। নিকো পাজ আসলেই রিয়াল মাদ্রিদের খেলোয়াড়, তবে মূল দলের নন। এমনকি রিয়ালের দ্বিতীয় দল কাস্তিয়ারও খেলোয়াড় নন পাজ। এই মিডফিল্ডার খেলেন রিয়াল মাদ্রিদ অনূর্ধ্ব-১৮ দলে, যাকে ডাকা হয় জুভেনিল ‘বি’ নামে। তবে ১৭ বছর বয়সী এই ফুটবলারকে নিয়মিতই জুভেনিল ‘এ’ দলেও দেখা যায়। এমনকি এই মৌসুমে রাউলের কাস্তিয়া দলেও তিনবার ডাক পেয়েছেন।
কাস্তিয়ার হয়ে স্পেনের তৃতীয় বিভাগে মাত্র ৩১ মিনিট খেলেছেন, তাতেই নজরে পড়ে গেছেন স্কালোনির। ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে দুই ম্যাচের মূল দলে ডাক পেয়ে গেলে পারিবারিক ঐতিহ্যটা ধরে রাখা হবে পাজের।
২০১৭ সালে রিয়ালের একাডেমিতে যোগ দেওয়া পাজের জন্ম স্পেনে। তবে আর্জেন্টিনার নাগরিকত্বও আছে। কারণ, তাঁর বাবা পাবলো পাজ আর্জেন্টাইন। আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ম্যাচে ২৩ বার মাঠে নেমেছেন। ১৯৯৬ অলিম্পিকে আর্জেন্টিনার হয়ে রুপা জিতেছেন। ১৯৯৮ বিশ্বকাপেও খেলেছেন। গ্যাব্রিয়েল বাতুস্তুতা, আরিয়েল ওর্তেগা, দিয়েগো সিমিওনে ও হুয়ান ভেরনদের সতীর্থ পাজ ক্যারিয়ার শেষ করেছেন স্পেনে। ছেলের জন্মও হয়েছে টেনেরিফে।
রিয়ালে যোগ দেওয়ার আগে সে দলেই খেলতেন নিকো পাজ। বাবার মতো ডিফেন্ডার হতে চেয়েছিলেন, কিন্তু কিছুদিন পরই টের পাওয়া গেছে গোল রক্ষা নয়, করাতেই তাঁর মনোযোগ বেশি। তাই স্ট্রাইকার বানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু কিছুদিন পর কোচরা টের পেলেন, গোল করার চেয়ে গোলের মুহূর্ত সৃষ্টি করা পাস ও খেলা সৃষ্টি করাতে দক্ষতা বেশি। এখন সে ভূমিকাতেই তাঁকে বেশি দেখা যায়।
গত কিছুদিন উইংয়ে দেখা গেছে বেশি। তবে দলের ফরমেশন বদলানো হলে মাঝমাঠেও খেলতে পারেন। এ কারণেই এখনো রিয়ালের মূল দলের সঙ্গে অনুশীলন না করেই আর্জেন্টিনা জাতীয় দলের প্রাথমিক দলে ডাক পেয়ে গেছেন।
এদিকে পাজের আর্জেন্টিনা দলে ডাক পাওয়া স্পেনকে নড়েচড়ে বসতে বাধ্য করেছে। পাজ ছাড়াও ম্যানচেস্টার ইউনাইটেডের আলেহান্দ্রো গারনাচোকে ডেকেছেন স্কালোনি। এর মধ্যে গারনাচো স্পেন অনূর্ধ্ব-১৮ দলে খেলেছেনও। কিন্তু ২৫ ও ২৯ মার্চ যদি এ দুজনকে ১ মিনিটের জন্যও মাঠে নামান স্কালোনি, তাঁদের স্পেন জাতীয় দলে আর কখনো খেলা হবে না।