ওল্ড ট্রাফোর্ডের আকাশে এমনিতেই জমেছে হতাশার কালো মেঘ। নিজেদের মাঠে গত পরশু আতলেতিকো মাদ্রিদের কাছে ১-০ গোলে হেরে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ক্রিস্টিয়ানো রোনালদো, ব্রুনো ফার্নান্দেজ, হ্যারি ম্যাগুয়ার...চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লিগের ম্যাচের শেষ বাঁশি বাজার পর ইউনাইটেডের একেকজন খেলোয়াড়ের মাথা যেন নুইয়ে পড়ছিল হতাশায়। কিন্তু পল পগবার যেন এ নিয়ে হতাশ হওয়ারও সময় নেই!
কীভাবে থাকবে? ম্যাচ শেষেই যে পগবা খবর পেলেন, তাঁর বাড়িতে চুরি হয়েছে। তিনি তো ছিলেনই না, সেই সময় বাড়িতে ছিলেন না পগবার স্ত্রীও। তাঁদের বাড়িতে যখন চোর ঢোকে, তখন সেখানে ছিল শুধু সন্তানেরা। চুরির খবর পেয়ে তাই উদ্বেগ আর উৎকণ্ঠা চেপে ধরে পগবাকে—সন্তানদের কোনো ক্ষতি হয়নি তো! তাঁর সতীর্থরা যখন দলের চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়ার হতাশায় নিমজ্জিত, তখন স্ত্রীকে সঙ্গে নিয়ে উদ্বিগ্ন পগবা দৌড় লাগান বাড়ির দিকে।
শেষ পর্যন্ত অবশ্য একটা ভালো খবরই এসেছে। পগবার সন্তানেরা ভালোই আছে, তাদের কোনো ক্ষতি চোর করেনি। পগবা তাঁর বাড়িতে চুরি হওয়ার খবরটি দিয়েছেন টুইটারে, ‘গত রাতটি ছিল আমাদের পরিবারের জন্য ভয়ংকর দুঃস্বপ্নের। বাড়িতে চোর ঢুকেছে। সেই সময় আমাদের বাচ্চারা ওদের শয়নকক্ষে ঘুমাচ্ছিল।’ চোর কারও ক্ষতি করেনি, কিছু মূল্যবান জিনিস নিয়ে চম্পট দিয়েছে। কিন্তু পগবা একটি অমূল্য জিনিসও হারানোর কথা বলেছেন, ‘চোরেরা আমাদের বাড়িতে পাঁচ মিনিটের একটু কম সময় ছিল। ওরা আমাদের কাছ থেকে সবচেয়ে মূল্যবান যে জিনিস নিয়ে গেছে, তা হলো নিরাপদ থাকার অনুভূতি আর নিরাপত্তার বোধ!’
চোর বাবাজিরা সময়টা বেশ ভালোই বেছে নিয়েছিল! তারা ঠিকই জানত যে ওই সময়ে পগবা ম্যাচ খেলতে মাঠে থাকবেন, আর তাঁর স্ত্রীও থাকবেন না। টুইটে এ বিষয়গুলো উল্লেখ করে পগবা লিখেছেন, ‘আমি ও আমার স্ত্রী দ্রুতই বাড়িতে যাই। সেই সময় আমরা জানতাম না যে বাচ্চারা নিরাপদ আছে কি না। বাচ্চাদের রক্ষা করার জন্য আমরা সেখানে ছিলাম না—একজন বাবা হিসেবে এর চেয়ে বাজে অনুভূতি আর হয় না। গত রাতে আমি যেটার মধ্য দিয়ে গেছি, এমন অবস্থা আর কারও যেন না হয়।’
পগবার বাড়িতে যারা চুরি করেছে, তাদের ধরিয়ে দেওয়ার জন্য ম্যান ইউনাইটেডের ফরাসি মিডফিল্ডার পুরস্কারও ঘোষণা করেছেন বলে খবর দিয়েছে বিবিসি। আর ফুটবলবিষয়ক খবরের ওয়েবসাইট গোল ডটকম খবর পেয়েছে, ইউনাইটেড তাদের খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টি নতুন করে খতিয়ে দেখছে।