বাবার কোল থেকে খেলার মাঠে

টাইম মেশিনে চড়ে চলুন এক লাফে ২০৩৫ সালে চলে যাই। ইউরোপের ফুটবলে তখন কি হচ্ছে জানেন? বার্সেলোনা আরও একবার ট্রেবল জিতেছে। ক্লাবের দুই ফরোয়ার্ড থিয়াগো মেসি আর বেঞ্জামিন সুয়ারেজ মিলে করেছেন ১০০ গোল! অধিনায়কের জার্সি গায়ে রক্ষণভাগে দুর্দান্ত একটা মৌসুম কেটেছে মিলান পিকের।
কল্পকাহিনি মনে হচ্ছে? আসলেই তাই। তবে সেই কল্পকাহিনি যে একদিন সত্যি হবে না, তা কে বলতে পারে! অন্তত সত্যি হওয়ার প্রথম ধাপটা গত পরশু ঘটে গেছে বার্সেলোনায়।
বার্সেলোনার স্কুল এফসিবি এসকোলায় যোগ দিয়ে প্রথম দিনের অনুশীলন করেছে লিওনেল মেসির ছেলে থিয়াগো আর লুইস সুয়ারেজের ছেলে বেঞ্জামিন ও জেরার্ড পিকের ছেলে মিলান!
বার্সেলোনার ফুটবল-প্রধান এই শিক্ষাপ্রতিষ্ঠানে এবার ৩ থেকে ৫ বছর বয়সী ২৫ জন শিশু ভর্তি হয়েছে। থিয়াগো ও মিলানের বয়স এর মধ্যেই তিন পেরিয়ে গেছে। আর বেঞ্জামিন এই মাসেই পা দেবে তিনে। প্রথম দিন তিন খুদে ফুটবলার অনুশীলনও করেছে একসঙ্গেই।
তিনজনের একসঙ্গে অনুশীলনের ছবি দেখতে ইচ্ছে করছে? সে জন্য অপেক্ষা করতে হচ্ছে। তিন বিখ্যাত বাবার সন্তান বলেই সংবাদমাধ্যমেরও তুমুল আগ্রহ ছিল তাদের নিয়ে। তবে বার্সেলোনা কর্তৃপক্ষের কড়াকড়ির কারণে কোনো আলোকচিত্রীই তাই তিনজনের একসঙ্গে তো নয়ই, আলাদা ছবিও তুলতে পারেননি। তাদের বাবারা অবশ্য উপস্থিত ছিলেন বলে জানাচ্ছে স্প্যানিশ দৈনিক মুন্দো দেপোর্তিভো। মার্কা।