প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনে অনেকবারই বদলি হতে হয়েছে ডেভিড বেকহামকে। সব সময় সেটি প্রসন্নচিত্তে মেনে নিশ্চয়ই নেননি। তবে পরশু বেকহাম নিজেই বোধ হয় অপেক্ষা করছিলেন মুহূর্তটির জন্য। ১১ বছর আগে ওল্ড ট্রাফোর্ডে যে ছেলেকে কোলে করে এনেছিলেন, সেই ছেলেই পরশু বাবার বদলে মাঠে নামল। ব্রুকলিন বেকহামের বয়স এখন ১৫, এরই মধ্যে আর্সেনালে নামও লিখিয়েছে। পরশু ওল্ড ট্রাফোর্ডে ইউনিসেফের জন্য তহবিল গড়ার উদ্দেশ্যে একটা দাতব্য ম্যাচ হয়ে গেল। গ্রেট ব্রিটেন ও আয়ারল্যান্ডের প্রতিপক্ষ ছিল অবশিষ্ট বিশ্ব একাদশ। ৭৫ মিনিটে বেকহামের জায়গায় নেমেছে ব্রুকলিন। বাবার মতোই ৭ নম্বর জার্সি গায়ে চড়িয়েছে। কর্নার থেকে একটা হেডে মাথাও ছুঁয়ে ফেলেছিল, গোল অবশ্য পায়নি! মেইল অনলাইন।