বায়ার্নে রিবেরির ১০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথাগত স্ট্রাইকার নন, তবে ফ্রাঙ্ক রিবেরির গোলক্ষুধা সব সময়ই প্রবল। বায়ার্ন মিউনিখের হয়ে সেই কাজটা করেছেন নিয়মিতই, পরশু একটা মাইলফলকও ছুঁয়ে ফেললেন ফ্রেঞ্চ উইঙ্গার। বেয়ার লেভারকুসেনের সঙ্গে গোল করে পেয়ে গেছেন বুন্দেসলিগায় নিজের শততম গোল। বায়ার্ন শেষ পর্যন্ত জিতেছে রিবেরির ওই ১ গোলেই।
কয়েক মৌসুম ধরেই শিরোপা লড়াই দূরে থাক, বায়ার্নের সঙ্গে কেউ খুব একটা প্রতিদ্বন্দ্বিতাও করতে পারছে না। পরশু চারে থাকা লেভারকুসেনও পারল না বায়ার্নকে থামাতে। তবে জিতলেও ঠিক নিজেদের মতো খেলতে পারেনি বায়ার্ন। ভলিতে করা রিবেরির গোলটাও ছিল কর্নার থেকে। কোচ পেপ গার্দিওলা এর আগে বড় জয়ের পরও দলের খেলা নিয়ে অসন্তুষ্টি জানিয়েছিলেন। পরশু বিস্ময়করভাবে সে রকম কিছু বলেননি, ‘মানুষ আমাদের কাছে ২, ৩ বা ৪ গোল আশা করে। কিন্তু আমি জানতাম লেভারকুসেনের সঙ্গে কাজটা কঠিন হবে।’ রিবেরিকে অবশ্য ভাসিয়েছেন প্রশংসায়, ‘সে এই ক্লাবের সেরা বিদেশি খেলোয়াড়দের একজন।’ রিবেরি নিজের কীর্তির চেয়েও দলের অর্জনটাকেই দেখেছেন বড় করে, ‘দলের জন্য জয়টা গুরুত্বপূর্ণ ছিল, বিশেষ করে চ্যাম্পিয়নস লিগে ঘরের মাঠে ম্যাচের আগে। বুন্দেসলিগায়ও খুব কম সময়ের মধ্যে তিনটি ম্যাচ খেলতে হবে আমাদের।’
রিবেরিতে ভর করে যেমন বায়ার্ন, পরশু ফ্রেঞ্চ লিগ ওয়ানে পিএসজিও পার হয়েছে ইব্রার কাঁধে চড়ে। এদিন অবশ্য পিএসজির এই মৌসুমে অপরাজিত থাকার রেকর্ডটা ভেঙেও যেতে পারত। শেষ পর্যন্ত পিছিয়ে পড়েও ২-১ গোলে জিতেছে পিএসজি, ইব্রাহিমোভিচ করেছেন জোড়া গোল। লিগে গোল হয়ে গেছে ৮টি। কোচ লরাঁ ব্লাঁ দলের এই অপরাজিত থাকার কীর্তি নিয়ে মজা করেছেন, ‘এটা তো আপনাকে বাড়তি কিছু দেয় না। কোনো অতিরিক্ত পয়েন্ট নয়, কোনো প্রতিযোগিতার বাছাইও নয়। এটার মানে আপনার মৌসুমটা খুব একটা খারাপ কাটছে না।’
সিরি ‘আ’তে সাসসুওলোর সঙ্গে পিছিয়ে পড়েও ২-২ গোলে ড্র করেছে রোমা, তাও আবার ১০ জন নিয়ে। সার্বিয়ান উইঙ্গার অ্যাডেম লাজিচ করেছেন জোড়া গোল। এএফপি।