বায়ার্নের তুলনায় রিয়াল অন্য রকম: ক্রুস

এই মৌসুমে বায়ার্ন মিউনিখ ছেড়ে রিয়াল মাদ্রিদে নাম লিখিয়েছেন জার্মান মিডফিল্ডার টনি ক্রুস। মাদ্রিদের অভিজ্ঞতা তাঁর খেলোয়াড়ি জীবনের এক নতুন দিগন্তই যেন উন্মোচন করে দিয়েছে। স্পেনের রাজধানীতে খেলতে এসে সবকিছুই যেন তাঁর কাছে দুর্দান্ত ঠেকছে। নিজ দেশের পত্রিকা বিল্ড-এর সঙ্গে এক আলাপচারিতায় তিনি জানিয়েছেন তাঁর পুরোনো ক্লাব বায়ার্নের চেয়ে রিয়ালের ব্যাপার-স্যাপার সম্পূর্ণ আলাদা। ক্লাব হিসেবে বায়ার্নের চেয়ে অনেকটাই এগিয়ে রিয়াল।
ক্রুসের এ কথাতে তাঁকে যেন অকৃতজ্ঞ ভেবে না বসেন বায়ার্ন সমর্থকেরা। ২০০৭ সাল থেকে এই অবধি ক্রুসের পথচলার সঙ্গী ছিল ওই বায়ার্নই। তাঁকে এই পর্যায়ে নিয়ে আসার সব কৃতিত্বও দাবি করতে পারে জার্মান-জায়ান্টরা। ক্রুস সেটা মানেনও। কিন্তু সবকিছুর পরেও তাঁর নিজের কাছে রিয়ালের জগৎ অন্য রকমই মনে হয়েছে। এর সপক্ষে যুক্তিও দিয়েছেন ক্রুস, ‘রিয়ালের সবকিছুই অন্য রকম। অবশ্যই বায়ার্নও বিশ্বের অন্যতম সেরা দল। কিন্তু এখানে এসে আমার কিছু অভিজ্ঞতা হয়েছে, যেগুলো বায়ার্নে থেকে পাওয়া সম্ভব ছিল না। যেদিন আমাকে ক্লাব সমর্থকদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হলো, সেদিন বার্নাব্যুতে ২০ হাজার লোকের সমাগম হয়েছিল। মিউনিখে এটা কল্পনাও করা যায় না। এই হিসেবে রিয়াল বায়ার্নের তুলনায় সেরা।’
কানাঘুষা আছে বায়ার্ন মিউনিখে তাঁর বনেনি পেপ গার্দিওলার সঙ্গে। ফলে তাঁর বার্নাব্যু গমন। বিষয়টিকে কানকথা হিসেবেই উড়িয়ে দিতে চাইলেন ক্রুস। বললেন, গার্দিওলার সঙ্গে তাঁর কোনো সমস্যাই ছিল না। নিজেকে আরও বড় পর্যায়ে নিয়ে যেতেই তাঁর বায়ার্ন ছাড়া, ‘আমি গার্দিওলার জন্য ক্লাব ছাড়িনি। অসাধারণ একজন কোচ তিনি। ফুটবলটা তিনি অনেক জানেন। কিন্তু আমিও তো একজন ফুটবলার। ফুটবলট আমিও মোটামুটি জানি। হ্যাঁ, এটা স্বীকার করতেই হয় যে আমার ব্যক্তিগত নৈপুণ্যের উন্নয়নে গার্দিওলার একটা বড় অবদান আছে।’ সূত্র: গোল ডটকম।