বারবার ফিরে আসে সেই দুটি ফাইনাল

>চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আয়াক্সের মাঠে মুখোমুখি হবে জুভেন্টাস। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে খেলা। দেখাবে সনি টেন ১
চ্যাম্পিয়নস লিগ মানেই যেন রাজাদের লড়াই! চ্যাম্পিয়নস লিগ মানে বিনা যুদ্ধে নাহি দেব সূচ্যগ্র মেদিনী। ৬৪ বছরের চ্যাম্পিয়নস লিগের পরতে পরতে কত ঐতিহাসিক ঘটনা। আর যুযুধান দুটি দল যখন আয়াক্স-জুভেন্টাস, তাদের ইতিহাস তো আরও ঘটনাবহুল।
বর্তমানকে দিয়ে অবশ্য চ্যাম্পিয়নস লিগের সেই প্রতাপশালী আয়াক্সকে চেনা যাবে না। এখন খুব একটা বড় নামও নয় আয়াক্স। গত ১৭ বছরে পার হতে পারেনি চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের গণ্ডি। কিন্তু রাজরক্ত তো বইছেই। জমিদারি গত হলেও ঠাটবাট তো থাকেই। গত শতকের মাঝামাঝিতে আয়াক্সের নাম শুনলে নড়েচড়ে বসেনি, এমন কোনো দল আছে নাকি? বিশেষ করে সত্তরের দশকে। চ্যাম্পিয়নস লিগ তখনো ইউরোপিয়ান কাপের বেশে ছিল। তখন টানা তিন বছর ইউরোপে রাজত্ব করা দল ছিল এই আয়াক্স।
ইউরোপে আয়াক্স-জুভেন্টাসের ইতিহাস বেশ পুরোনো। কেন আজকের ম্যাচ ঘিরে সমর্থকদের এত উত্তেজনা!
১৯৭৩ ইউরোপিয়ান কাপ ফাইনাল: (আয়াক্স ১-০ জুভেন্টাস)
ফাইনালের আগেই ব্যাকফুটে ছিল জুভেন্টাস। কেনইবা থাকবে না? টানা দুবার ইউরোপিয়ান কাপ জিতে টগবগে ফুটছে এই আয়াক্স। তাদের ‘টোটাল ফুটবল’-এর সামনে বাধা হয়ে দাঁড়ানোর মতো কোনো দল তখন নেই। গোলপোস্টের নিচে হেইঞ্জ স্তুয়ে থেকে শুরু করে ফরোয়ার্ড লাইনে ইয়োহান ক্রুইফ, জোহান নিকেনস, রুড ক্রলরা মিলে যে টোটাল ফুটবলের বিপ্লব ঘটিয়েছেন, তা থামানোর সাধ্য ছিল না কারও। মাঠের খেলায় পারা যাবে না ধরে নিয়ে ম্যাচের আগেই পর্তুগিজ রেফারি ফ্রান্সেসকো লোবোকে নিজেদের করে নেওয়ার চেষ্টা করে জুভেস্টাস। কিন্তু উয়েফার দৃষ্টি এড়াতে পারেনি। জুভেন্টাসের সঙ্গে যোগসাজশ প্রমাণ করা না গেলেও ফুটবল থেকে নিষিদ্ধ হয়েছিলেন লোবো।
মাঠের বাইরের ইতিহাস এক পাশে রেখে খেলায় ফেরা যাক আবার। জুভেন্টাস দলও কম ছিল না। দিনো জফ, ফ্রাঙ্কো ক্যাসিও ও ফ্যাবিও ক্যাপেলো মিলে আয়াক্সকে থামানোর মতো শক্তি ছিল ইতালিয়ানদের। কিন্তু ৪ মিনিটের মাথায় জনি রেপের এক হেড আয়াক্সকে এগিয়ে নেয়। যুগোস্লাভিয়ার বেলগ্রেড স্টেডিয়ামে সেই এক গোল যথেষ্ট ছিল ম্যাচ নিজেদের করার জন্য। পুরো ম্যাচ চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি জুভেন্টাস। টোটাল ফুটবল আর ইয়োহান ক্রুইফ মিলে পুরো ম্যাচেই ব্যাকফুটে রাখেন জুভেন্টাসকে। ‘বিয়োঙ্কনারি’দের সেবার যুগোস্লাভিয়া ছাড়তে হয় খালি হাতেই। আয়াক্স উঁচিয়ে ধরে নিজেদের তৃতীয় চ্যাম্পিয়নস লিগ শিরোপা।

১৯৯৬ চ্যাম্পিয়নস লিগ ফাইনাল: (জুভেন্টাস ১ ‘৪’- ‘২’ ১ আয়াক্স)
২৩ বছর আগের ফাইনালের দুঃস্মৃতি মুছতে সুযোগ পেল জুভেন্টাস। তাও আবার নিজেদের দেশে। রোমার মাঠ স্তাদিও অলিম্পিকসে বসে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। আয়াক্সের সামনে সুযোগ ইউরোপিয়ান কাপের পর চ্যাম্পিয়নস লিগও টানা দ্বিতীয়বার জেতার। টানা দুবার ইতালিয়ান দলকে হারিয়ে ইউরোপের রাজা হওয়া লুই ফন গালের কাছে ছিল সময়ের ব্যাপার। কিন্তু প্রতিশোধস্পৃহায় উদ্বেলিত জুভেন্টাসও কম যায় না। আয়াক্সের ফন ডার স্যার, ড্যানি ব্লিন্ড ও প্যাট্রিক ক্লুইভার্টকে থামাতে প্রস্তুত ছিল দিদিয়ের দেশম, অ্যান্তোনিও কন্তে, দেল পিয়েরোর জুভেন্টাস।
৭০ হাজার দর্শকের সামনে প্রথমেই জুভেন্টাসকে এগিয়ে নেন র্যাভানেল্লি। ১২ মিনিটেই মাথায় ফ্র্যাঙ্ক ডি বোরের করা ভুল থেকে দলকে এগিয়ে নেন র্যাভানেল্লি। বেশি সময় পিছিয়ে থাকেনি আয়াক্সও। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই জ্যারি লিটম্যানেনের গোলে সমতায় ফেরে তারা। পুরো ম্যাচে খেলার থেকে শারীরিক লড়াই হলো বেশি। সে লড়াইয়ে বারবার পরাস্ত হতে হচ্ছিল আয়াক্সকে। আগ্রাসী হয়েও গোলের দেখা পায়নি জুভেন্টাস। টাইব্রেকারে গড়ানো ফাইনালের হিরো হয়ে ওঠেন জুভ গোলরক্ষক অ্যাঞ্জেলো পেরুজ্জি। এডগার ডেভিস ও সনি সিলয়ের গোল থামিয়ে ৪-২ গোল জয় পায় জুভেন্টাস। সেই সঙ্গে দ্বিতীয় ও শেষবারের মতো চ্যাম্পিয়নস লিগ উঁচিয়ে ধরে তুরিনের বুড়িরা।
ম্যাচ শেষে বোম ফাটান আয়াক্স ফুটবলার মার্ক ওভারমার্স। চোটের কারণে তাঁকে ফাইনাল দেখতে হয়েছে সাইডবেঞ্চ থেকেই। তাদের বিপক্ষে শক্তিবর্ধক ওষুধ নিয়ে খেলার অভিযোগ তোলেন। এমনকি মাঠে থাকা ফিনিদি জর্জও আঙুল তোলেন খেলোয়াড়দের দিকে। জর্জ বলেন, তারা যেভাবে খেলছিল, সেভাবে টানা ২০ মিনিট খেলা যায়। কিন্তু টানা ১২০ মিনিট একই শক্তিতে খেলে গেলে এর পেছনে অবশ্যই কিছু একটা ঘটনা থাকে।
অনেক দিন এই ঘটনা চাপা থাকলেও সত্য বেরিয়ে আসে ২০০৪ সালে। সে ম্যাচের আগে জুভেন্টাস দলের ডাক্তার রিকার্দো এগ্রিওসোলা খেলোয়াড়দের একধরনের ড্রাগ দেন। যাতে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বেড়ে যায়। ফলে শরীরে অনেকটা সময় শক্তি জমা থাকে। এর ফলে ডাক্তারি পেশা থেকে নিষিদ্ধ করা হয় এগ্রিওসোলাকে। সে ফাইনাল নিয়ে এখনো মনঃকষ্টে ভোগে আয়াক্স–সমর্থকেরা। কেনইবা হবে না, ডোপ নেওয়ার কারণেও কোনো শাস্তি পেতে হয়নি জুভেন্টাস কিংবা দলের খেলোয়াড়দের।
দুই ফাইনালের স্মৃতি এখনো দগদগে দুই দলের সমর্থকদের মনে। যে কারণে এই ম্যাচের উত্তেজনাও অন্য যেকোনো ম্যাচের থেকে বেশি। আয়াক্স–সমর্থকদের কাছে ১৯৯৬ ফাইনাল যেমন প্রতারণার এক স্মৃতি, তেমনই জুভেন্টাস–সমর্থকদের মনে দগদগে স্মৃতি হিসেবে রয়েছে ১৯৭৩ ফাইনাল। সব মিলিয়েই ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে নামছে দুই দল। সেখানেই দেখা যাবে, ডি ইয়ং, ব্লিন্ডরা ৯৬ ফাইনালের প্রতিশোধ নিতে পারে, নাকি জুভেন্টাস আবারও পরাস্ত করে আয়াক্সকে।