বারবার শুধু খেলা পেছায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শীর্ষ ফুটবলে ক্লাবের ইচ্ছায় যখন খুশি খেলা পিছিয়ে যাওয়া যেন ঐতিহ্যে পরিণত হয়ে গেছে। সেই ‘ঐতিহ্য’ মেনে প্রিমিয়ার ফুটবল লিগ পেছাল আরেকবার। প্রথম কোপটা পড়েছে ঈদের আগে ৮-১০ সেপ্টেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়ামে সপ্তম রাউন্ডের খেলায়। ঈদের এক দিন পর থেকে সিলেটে দুই রাউন্ড খেলার সূচিও স্বয়ংক্রিয়ভাবে পিছিয়ে গেছে।
পেশাদার লিগ কমিটির গতকালের সিদ্ধান্ত অনুযায়ী সপ্তম রাউন্ড মাঠে গড়াবে ১৯ সেপ্টেম্বর। তার মানে চট্টগ্রামে তিন, ময়মনসিংহে দুই এবং ঢাকায় এক রাউন্ড খেলা হওয়ার এক মাস পর আবার মাঠে ফিরবে লিগ। সেটাও সাময়িক। ঢাকায় এক রাউন্ড হওয়ার পর আবার তিন দিন খেলা বন্ধ। ২৫ সেপ্টেম্বর থেকে সিলেটে দুই রাউন্ড হয়েই আবার বন্ধ হবে খেলা। সেই বন্ধটা ৯ অক্টোবর ভুটানে জাতীয় দলের এশিয়ান কাপের প্লে-অফের ফিরতি ম্যাচের জন্য।
ফুটবল লিগকে ‘বিরতি লিগে’ পরিণত করতে ক্লাবগুলোর ‘অবদানই’ সবচেয়ে বেশি। ক্লাব প্রতিনিধিদের নিয়ে লিগ কমিটি গঠিত হওয়ায় ক্লাবের চাওয়া পূরণে সমস্যা হয় না। এবার তো খেলা পেছাতে চিঠিও দিয়েছিল শেখ জামাল, মোহামেডান, আরামবাগ, ব্রাদার্স ও রহমতগঞ্জ। বাকি ক্লাবগুলো চিঠি না দিলেও খেলা পেছানোর পক্ষেই অবস্থান নিয়েছে। বাফুফে এখানে ঠুঁটো জগন্নাথ, বারবার শুধু ক্লাবের কাছে নতি স্বীকার করে আসছে।
লিগ কমিটির সভাপতি সালাম মুর্শেদীর কথায় কালও সেই সুর থাকল, ‘ঈদের আগের তিন দিন খেলতে রাজি নয় ক্লাবগুলো। তাই পেছাতে হলো। ঈদের পর কোরবানির মাংস খেয়ে আসবে ফুটবলাররা, তাদের তো ফিট হতে হবে। এই জন্যই ঈদের পর কয়েক দিন বিরতি দেওয়া হয়েছে।’ শুধু এটিই নয়, আরও বিরতির কথা হচ্ছিল। অক্টোবরে আসামের বরদুলই ট্রফিতে খেলতে যেতে চেয়েছে আবাহনী। তবে অন্য ক্লাবগুলো আবাহনীর কারণে লিগ বন্ধ রাখতে রাজি হয়নি।
পঞ্চম ভেন্যু গোপালগঞ্জ?
সাতটি ভেন্যুতে লিগ আয়োজনের প্রতিশ্রুতি দিয়ে বাফুফে শেষ পর্যন্ত চারটি ভেন্যু করেছে। তবে কাল সালাম মুর্শেদী বললেন, লিগের ফিরতি পর্বে চারটির সঙ্গে গোপালগঞ্জ যোগ হবে। সালামের কণ্ঠ এবার জোরালো, ‘দ্বিতীয় রাউন্ডে গোপালগঞ্জে খেলা হবেই, এটা নিশ্চিত করেই লিখতে পারেন।’ দেখাই যাক।