দল দুটি একে অন্যের প্রতিদ্বন্দ্বী। এক দলকে প্রিমিয়ার লিগ থেকে বিদায় দিয়ে আরেক দলের টিকে থাকার কথা। কিন্তু সেই বৈরিতার ধারেকাছেও নেই উত্তর বারিধারা ও ফেনী সকার। বরং দল দুটির মধ্যে এখন বন্ধুত্বই অনেক। আর সেই বন্ধুত্ব এত গভীর হয়েছে যে, দুই দল কাল একসঙ্গে বাফুফেকে চিঠি দিয়ে প্লে-অফ না খেলার সিদ্ধান্ত জানিয়েছে! এটা নাকি তাদের ক্লাবের সিদ্ধান্ত। যে কারণে কোনো ব্যাখ্যাও দেওয়া হয়নি।
প্রথম প্লে-অফ হওয়ার কথা আজ, দ্বিতীয়টি ৭ জানুয়ারি। তবে প্লে-অফ না খেলার আবদার দল দুটি আগেই করেছিল। সেটা নাকচ করে দেয় বাফুফে। কারণ, বাফুফে চায় নিয়মের প্রতি সবাই যেন শ্রদ্ধা দেখায়। তাহলে নিয়ম মানছে না কেন দল দুটি?
ফেনী সকারের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বলছেন, ‘আমাদের দুই দলেরই ক্রাইসিস। দুই দলই বসে ঠিক করেছি, আমাদের পক্ষে খেলা সম্ভব নয়। তাই একসঙ্গে চিঠি দিয়েছি।’ কেন খেলা সম্ভব নয় প্রশ্নে তাঁর উত্তর, ‘খেলোয়াড় চলে গেছে।’ প্রায় আট মাস খেলোয়াড় ছিল, এখন দুই ম্যাচের জন্য খেলোয়াড় চলে যাওয়ার কারণ কী?
এবার আক্তারুজ্জামানের কথা, ‘আমাদের ফরেনদের ডিমান্ড হাই। এই দুই ম্যাচের জন্য পুরো মাসের বেতন চায় ওরা। ৫টা ফরেন প্লেয়ারকে পুরো মাসের বেতন দেওয়া সম্ভব নয়।’ তাই বলে না খেলার সিদ্ধান্ত কতটা যুক্তিসংগত? তাঁর ব্যাখ্যা, ‘অন্যায় আবদার করছি আমরা, সে জন্য লজ্জিত। কাজটা ভালো হয়নি, সেটা আমিও বুঝতে পারছি।’ শেষে যোগ করেন, ‘বাফুফে যে সিদ্ধান্তই নেবে মেনে নেব। কোনো প্রতিবাদ করব না।’
বারিধারার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমও ‘খেলোয়াড় সংকট’কেই বড় বলছেন, ‘কাকে নিয়ে খেলব ভাই, প্লেয়ার তো নেই।’ তাঁর কথা, ‘বিদেশি খেলোয়াড়ের সঙ্গে চুক্তি শেষ ডিসেম্বরেই। তাদের দুটি ম্যাচ খেলাতে পুরো মাসের ১০ লাখ টাকা লাগবে, তা ছাড়া চুক্তির বাইরে তারা খেলতে চায় না।’ তবে বাইলজ অনুযায়ী বাফুফে ব্যবস্থা নিলে প্রতিবাদ করবেন না বলেছেন বারিধারার এই কর্মকর্তাও।
বাফুফে অবশ্য সন্ধ্যায় দুই ক্লাবকে প্লে-অফ খেলতে পাল্টা চিঠি দিয়েছে। ম্যাচের সব আয়োজনই তারা রাখবে। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলছেন, ‘আশা করি তারা খেলবে। না খেললে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’ দেখা যাক, শেষ পর্যন্ত নাটক কোথায় শেষ হয়!