বারুদে ঠাসা ম্যাচে বার্সার জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেইমারের জোড়া গোলে জিতল বার্সা, আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন মেসি-ইনিয়েস্তার সঙ্গে। ছবি: এএফপি
নেইমারের জোড়া গোলে জিতল বার্সা, আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন মেসি-ইনিয়েস্তার সঙ্গে। ছবি: এএফপি

ম্যাচের পরতে পরতে উত্তেজনা! সেই উত্তেজনা কেবল ফুটবলের লড়াইয়ে সীমাবদ্ধ থাকল না, রূপ নিল অফুটবলীয় কর্মকাণ্ডেও! খেলোয়াড়েরা মুখের লড়াই তো বটেই, ধস্তাধস্তি পর্যন্ত করলেন! ম্যাচে হলুদ কার্ড দেখলেন ১০ খেলোয়াড় আর লাল কার্ড দুজন! কোপা ডেল রের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে এমনই যুদ্ধে অবতীর্ণ বার্সেলোনা-অ্যাটলেটিকো মাদ্রিদ! 
এই যুদ্ধে শেষ পর্যন্ত জয়ী বার্সা। ভিসেন্তে ক্যালদেরনে বারুদে ঠাসা ম্যাচে নেইমারের জোড়া গোলে অ্যাটলেটিকোকে ৩-২ ও দুই লেগ মিলিয়ে ৪-২ গোল ব্যবধানে হারিয়ে কোপা ডেল রের সেমিফাইনালে পা রাখল বার্সা। 
শুরুতেই স্বাগতিকদের আনন্দে ভাসালেন ঘরের ছেলে ফার্নান্দো তোরেস! হাভিয়ের মাচেরানোর ব্যর্থতায় তোরেসের ২০ গজি শট জাল খুঁজে পেল প্রথম মিনিটেই। লুইস সুয়ারেজের বাড়িয়ে দেওয়া বলে নেইমারের দুর্দান্ত ফিনিশিংয়ে নয় মিনিটের মাথায় গোল পরিশোধ করল বার্সা। ২৯ মিনিটে হুয়ানফ্রানকে মাচেরানোর ট্যাকল। সঙ্গে সঙ্গে রেফারি পেনাল্টির বাঁশি! ট্যাকলটা আদৌ ‘বাজে’ ছিল কি না, তা নিয়ে প্রশ্ন তো আছেই। টিভি রিপ্লেতে স্পষ্ট দেখা গেল, ট্যাকলটা ছিল বক্সের বাইরে! ৩০ মিনিটে পেনাল্টি থেকে অ্যাটলেটিকোকে ২-১ ব্যবধানে এগিয়ে নিলেন রাউল গার্সিয়া। ৩৮ মিনিটে আরেক নাটক। ইভান রাকিতিচের কর্নার ফ্লিক করেছিলেন সার্জিও বুসকেটস। কিন্তু ক্লিয়ার করতে গিয়েই নিজেদের জালেই বল জড়িয়ে দিলেন অ্যাটলেটিকোর মিরান্ডা! সমতায় ফিরল বার্সা। 

৪১ মিনিটে বক্সে অ্যাটলেটিকোর আঁতোইন গ্রিজমানের শটটা লাগল জর্ডি আলবার হাতে। কিন্তু রেফারির চোখ এড়িয়ে যাওয়ায় বার্সার রক্ষা! তখনই লুইস এনরিকের দলের দুর্দান্ত এক প্রতি-আক্রমণ। লিওনেল মেসির ক্রসটা আলতো টোকায় নেইমারকে বাড়িয়ে দেন আলবা। দারুণ এক ফিনিশিংয়ে ব্যবধান বাড়িয়ে নেন নেইমার। আক্রমণ-প্রতিআক্রমণ, গোল-পাল্টা গোল—যা হওয়ার প্রথমার্ধেই হয়ে গেল। স্কোরলাইন ৩-২ নিয়ে মাঠ ছাড়ার সময় আরেক কাণ্ড। কথার লড়াইয়ে জড়িয়ে পড়লেন তোরেস-নেইমার। ওদিকে গার্সিয়ার সঙ্গে লেগে গেল বার্সার কোচিং স্টাফদের! রীতিমতো ধাক্কাধাক্কি! বিরতির পরপরই লাল কার্ড দেখায় দ্বিতীয়ার্ধ অ্যাটলেটিকো নামল গাবিকে ছাড়াই। ম্যাচের পর ক্যানাল প্লাসকে গাবি বলেছেন, ‘টানেলে রেফারিকে কেবল বললাম, ওটা পেনাল্টি ছিল (সম্ভবত আলবার হ্যান্ডবল নিয়ে), লাল কার্ড দেখানোর মতো। টিভি দেখলে বুঝবেন, আপনি ভুল করেছেন। অমনি তিনি বললেন, তোমাকেই লাল কার্ড দেখানো হলো। আমি এর বেশি কিছুই বলিনি।’
দ্বিতীয়ার্ধে দৃষ্টিনন্দন ফুটবল দেখা গেল না। এত বেশি ফাউল, টিভি ধারাভাষ্যকারেরা বললেন, ‘কুৎসিত দ্বিতীয়ার্ধ!’ এ দায় অ্যাটলেটিকোর ওপর বেশি বর্তাবে। ফ্রি-কিক না পেয়ে আরদা তুরান তো মেজাজ হারিয়ে বুট খুলে ছুড়ে মারলেন সহকারী রেফারিকে! উদ্ভট আচরণের দায়ে দেখলেন হলুদ কার্ড। শাস্তিটা যথেষ্ট হলো কি না, এ নিয়েও হলো আলোচনা। ৮৪ মিনিটে অ্যাটলেটিকো মিডফিল্ডার মারিও সুয়ারেজ দুটি হলুদ কার্ডের ফল হিসেবে দেখলেন লাল কার্ড। ডিয়েগো সিমিওনের দল পরিণত হলো নয়জনে! ম্যাচে ১০টি হলুদ কার্ডের সাতটিই অ্যাটলেটিকোর। বার্সার তিনটি-মাচেরানো, দানি আলভেজ ও মেসি। অ্যাটলেটিকো ফাউল করেছে ১৮টি, বার্সা ১২টি। বল দখলে ঢের এগিয়ে বার্সা, ৭৫ শতাংশ।
ম্যাচে মেসি ছিলেন অনেকটা বোতলবন্দী। লক্ষ্যে তেমন শট নিতে পারেননি বার্সা ফরোয়ার্ড। তবে নেইমারের দুটি গোলের উৎস ছিলেন তিনি। ৭১ মিনিটে বার্সার জার্মান গোলরক্ষক মার্ক-আন্দ্রে টার স্টেগেনারে দুর্দান্ত সেভের কথা না বললেই নয়।
শেষ চারে বার্সার মুখোমুখি হবে ভিয়ারিয়াল অথবা গেটাফে। কোপা ডেল রে থেকে এরই মধ্যে বিদায় নিয়েছে রিয়াল মাদ্রিদ। আজ নিল অ্যাটলেটিকো। ফলে কোপা ডেল রের উত্তেজনা যা হওয়ার বোধ হয় এ ম্যাচেই হয়ে গেল! তথ্যসূত্র: এএফপি, গোলডটকম ও টেন স্পোর্টস।