বারের চেয়েও আধা ফুট বেশি লাফিয়েছিলেন রোনালদো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাধ্যাকর্ষণকে বুড়ো আঙুল দেখিয়ে হেড করছেন রোনালদো। সূত্র: রয়টার্স।
মাধ্যাকর্ষণকে বুড়ো আঙুল দেখিয়ে হেড করছেন রোনালদো। সূত্র: রয়টার্স।

হেডটি ক্রিস্টিয়ানো রোনালদো ‘ট্রেডমার্ক’ করে রাখতেই পারেন। ডি-বক্সে উঁচু হয়ে আসা বল দেখলেই এমনভাবে লাফিয়ে ওঠেন যেন পিঠে সাঁটা দুটি পাখা। সবাইকে টপকে মাথা ছোঁয়ান বলে। অবশ্য যে জোরালো হেড নেন সেটিকে শুধু ছোঁয়ানো বললে ভুল হবে। রিয়াল মাদ্রিদের রোনালদোর এমন হেড অনেক দেখা গিয়েছে। পরশু পর্তুগালের জার্সিতেও দেখা গেল উড়ন্ত রোনালদোকে। সেভাবেই তো থামল ওয়েলসের স্বপ্ন যাত্রা। 

রোনালদো, মেসি কিংবা বেলদের বিপক্ষে প্রতিপক্ষ কোচের উপদেশ থাকে একটাই-এঁদের কোনো জায়গা দিয়ো না। বুধবারের সেমিফাইনালে ওয়েলসের খেলোয়াড়েরা সে উপদেশ মেনেই কাজ করছিলেন, কোনো রকম জায়গা দিচ্ছিলেন না রোনালদোকে। কিন্তু তিনবারের ব্যালন ডি’ অর জয়ীকে কী এভাবেও আটকানো যায়। ডি-বক্সে উড়ে এল রাফায়েল গুরেইরোর ক্রস। আশপাশের ডিফেন্ডারদের তোয়াক্কা না করে শূন্যে ভাসলেন রোনালদো, মাধ্যাকর্ষণকে বুড়ো আঙুল দেখিয়ে জোরালো এক হেডে বল পাঠালেন ওয়েলসের জালে।
সেদিন আসলে কতটুকু উঁচুতে উঠেছিলেন রোনালদো? ইংলিশ দৈনিক দ্য ডেইলি মেইল—এর হিসাব অনুযায়ী গোলবারের চেয়েও আধা ফুট বেশি! সেদিন বলে মাথা ছোঁয়ানোর সময় রোনালদোর মাথা ছিল ২.৬১ মিটার উচ্চতায়, অর্থাৎ ৮.৫৭ ফুট! যেখানে মাঠের গোল বারের উচ্চতাই ৮ ফুট। হেডটি করতে রোনালদোর নেওয়া লাফটিও কম বিস্ময় জাগাচ্ছে না। সেদিন বলের নাগাল পেতে ২.৫ ফুট বা ০.৭৬ মিটার লাফিয়েছেন রোনালদো। শুধু এত বড় লাফ দিয়েই থামেননি, বলে যে হেড করেছেন সেটির গতি ছিল ৭১.৩ কিলোমিটার/ঘণ্টা। এ গোল কী ঠেকানোর সাধ্য আছে ওয়েইন হেনেসির! সূত্র: মার্কা।