বার্গারে বিপদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হ্যামবার্গার জিনিসটা মন্দ নয়। তড়িঘড়ি করে ভালোই পেটপুজো করে নেওয়া যায় এটা দিয়ে। এক সেল্টিক-ভক্ত অবশ্য ক্ষুধা মেটাতে নয়, ঢিল হিসেবে ব্যবহার করেছেন বার্গার। ঘটনাটি ম্যানচেস্টার সিটি ও সেল্টিক ম্যাচের। পরশু চ্যাম্পিয়নস লিগের ম্যাচটি শুরু হওয়ার আগেই মাত্রাতিরিক্ত পান করে মাতাল হয়ে যান এই স্কটিশ সমর্থক। মাতলামির কারণে পুলিশ তাঁকে ধরতে এগোলে ছুড়ে মারেন হাতের বার্গারটি। সেটাও পুলিশের উদ্দেশ্যে নয়, পুলিশের ঘোড়ার দিকে। তবে এমন অপকর্মে কপাল পুড়েছে তাঁর, খেলা দেখতে এসে উল্টো এক রাত কাটাতে হয়েছে পুলিশি হেফাজতে। সমর্থকের রাতটি ভালো না গেলেও খারাপ করেনি স্কটিশ ক্লাবটি, প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেও ড্র করে ফিরেছে প্রতিপক্ষের মাঠ থেকে। ডেইলি মেইল।