
বাইরে থেকে মনে হতে পারে, ক্ষতটা বোধ হয় ঢেকে গেছে। দুই বছর তো কম সময় নয়। কিন্তু আন্তোনিও কন্তের হৃদয়ের গোপন তারে মাঝে মাঝে টোকা দিয়ে যেত সেই বেদনা। বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় ইতালির জন্য তো বড় ধাক্কাই। এবারের ইউরোর আগে কন্তে তাই খেলোয়াড়দের মনে করিয়ে দিয়েছিলেন সেটি। আর সেই প্রেরণাতেই বোধ হয়, টুর্নামেন্টের শুরুতে যে ইতালিকে কেউ গোনাতেই ধরেনি, তারাই সবচেয়ে বেশি আলো ছড়াল। বেলজিয়ামের সঙ্গে ২-০ গোলের জয় তো শুধু একটা জয় নয়, অন্যদের জন্যও বড় একটা বার্তা।
কন্তে অবশ্য এখনই অত দূর তাকাচ্ছেন না। আপাতত বিশ্বকাপের ওই ব্যর্থতার কথা মনে করিয়েই তাতিয়ে দিতে চাইছেন, ‘দুই বছর আগের ওই ক্ষতটা এখনো রয়ে গেছে। ইংল্যান্ডের সঙ্গে দারুণ একটা শুরুর পরও আমরা বাদ পড়ে গিয়েছিলাম। এখন আমাদের খেলোয়াড়েরা বুঝতে পেরেছে, কিছু একটা পেতে হলে আমাদের অসাধারণ কিছু করতে হবে।’ বেলজিয়ামের সঙ্গে দারুণ জয়ের ছন্দটা ধরে রাখতে চান পরের ম্যাচগুলোতেও, ‘আশা করি, আজকের পারফরম্যান্সের পর খেলোয়াড়দের জয়ের তৃষ্ণা কমবে না। আমরা ভালো খেলেছি, কিন্তু আমাদের পা মাটিতেই রাখতে হবে।’
মাত্র এক ম্যাচ হয়েছে, এখনই আসলে ইতালির আকাশে ওড়ার কারণ নেই। তবে পরশুর আগে অনেকেই তাদের মাটিতেই দেখছিল। গুঞ্জন ছিল, এই বুড়োদের দল নিয়ে আর কত দূরই বা যাবে ইতালি! পরশু ইতালির প্রথম একাদশের গড় বয়স ৩১ বছর ১৬৯ দিন, ইউরোর ইতিহাসে এর চেয়ে বেশি বয়সী দল নিয়ে কেউ নামেনি। ভেরাতি, মার্কিসিও, মন্তিলিভোদের মতো মধ্যমাঠের প্রথম পছন্দেরা নেই। বিশ্বমানের কোনো স্ট্রাইকারও নেই দলে। বড় টুর্নামেন্টে এমন নখদন্তহীন দল নিয়ে কবে ইতালি খেলেছে, সেটা নিয়েও শুরু হয়ে গেল গবেষণা। কিন্তু সবাই ভুলে গিয়েছিলেন, এই দলটা ইতালি। গোনার বাইরে না ধরলেই যারা বেশি দুর্ধর্ষ হয়ে ওঠে। আলবার্তো জাকেরিনি ও গ্রাৎসিয়ানো পেল্লের গোলে তারা হারাল বিশ্ব র্যাঙ্কিংয়ের দুই নম্বর দল বেলজিয়ামকে।
অথচ কাগজে-কলমে বেলজিয়াম ইউরোর সবচেয়ে শক্তিশালী দলগুলোর একটি। কিন্তু কন্তের কৌশলের কোনো উত্তর ছিল না বেলজিয়াম কোচ মার্ক উইলমটসের কাছে। দলীয় সংহতির কাছে ব্যক্তিগত নৈপুণ্য মার খেয়ে গেল। ৩১ মিনিটে যে জাকেরিনির গোলে ইতালি এগিয়ে গেল, প্রিমিয়ার লিগের দল সান্ডারল্যান্ডে নিয়মিত খেলতে না পেরে তিনি ঠিকানা করেছেন সিরি ‘আ’র বোলোনিয়াতে। ২০১৩ সালের পর দেশের হয়ে এটাই জাকেরিনির প্রথম গোল, সময়টা এর চেয়ে আর ভালো হতে পারত না!
পেল্লে সুবর্ণ একটা সুযোগ নষ্ট না করলে প্রথমার্ধেই ব্যবধান বড় হতে পারত। দ্বিতীয়ার্ধে অবশ্য বেলজিয়াম সুযোগ পেয়েছিল, কিন্তু লুকাকু-ওরিগিরা সেগুলো কাজে লাগাতে পারেনি। ওদিকে ৩-৫-২ ছকে ইতালি প্রায়ই ভয় ছড়াচ্ছিল বেলজিয়াম রক্ষণে। বেলজিয়াম গোলরক্ষক থিবো কোর্তোয়া গোটা দুয়েক দুর্দান্ত সেভ না করলে আরও আগেই এগিয়ে যেতে পারত। যোগ করা সময়ে আন্তোনিও কানড্রেভার ক্রস থেকে পেল্লের দুর্দান্ত এক ভলিতে ব্যবধান বাড়াল ইতালি।
কিন্তু এমন ছন্নছাড়া খেলা দিয়ে কত দূর যেতে পারবে ‘কালো ঘোড়া’ বেলজিয়াম? কন্তের কথা থেকেই হ্যাজার্ডরা প্রেরণা নিতে পারেন, ‘এই ম্যাচের পরও ওদের ইউরো জয়ের সম্ভাবনা একটুও কমে যাচ্ছে না। ওরা দারুণ একটা দল, এই টুর্নামেন্টে তাদের অনেক দূর যাওয়ার সামর্থ্য আছে।’
শেষ কথাটা এই মুহূর্তে বেলজিয়ামের চেয়ে ইতালির জন্যই বেশি খাটে! এএফপি, রয়টার্স।